এনএসএতে প্রযুক্তিগত বিপর্যয়

যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ে উদ্বেগ বাড়ছে। ইমেইল সেবা বন্ধ, হাজার হাজার ফ্লাইট চলাচল ব্যাহত এবং ব্যাংকিং সেবায় বিঘ্নের পর এবার সমস্যায় পড়েছে দেশটির প্রযুক্তিভিত্তিক জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ। মঙ্গলবার নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সংস্থাটির নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দেয়। তবে এনএসএ জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল ছিল।
গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। বৃহস্পতিবার মাইক্রোসফটের বিভিন্ন সেবা, বিশেষ করে ইমেইল ব্যবস্থা ব্যাহত হয়। পরদিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশ জুড়ে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। প্রায় সাড়ে চার ঘণ্টা স্থায়ী ওই স্থবিরতা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশপথে সবচেয়ে দীর্ঘ বিরতি।
সোমবার ইউনাইটেড এয়ারলাইনসের প্রযুক্তিগত ত্রুটিতে প্রায় ১৫০টি ফ্লাইট বিলম্বিত হয়। একই দিনে জেপিমরগান চেজের সফটওয়্যার সমস্যায় ব্যাংকিং সেবাও ব্যাহত হয়। মঙ্গলবার অ্যাপল জানায়, অভ্যন্তরীণ সফটওয়্যার আপডেটের কারণে আইক্লাউড ও অ্যাপল পেসহ গ্রাহকসেবায় সমস্যা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এটি সাইবার হামলার ঘটনা নয়।
এদিকে, রিপাবলিকান সিনেটর জশ হাওলি ঘটনাগুলো নিছক কাকতালীয় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ঘটনাগুলোকে স্বাভাবিক হিসেবে দেখছেন। পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, এগুলো উদ্বেগজনক হলেও এর সঙ্গে কোনো হ্যাকিং কিংবা শত্রুতামূলক তৎপরতার প্রমাণ নেই।



