ফাস্ট চার্জিংয়ে স্বস্তি

ঘুম থেকে দেরিতে উঠেছেন, ফোনে চার্জ দেওয়ার সময় কম। অথচ সামনে অফিস, জরুরি মিটিং কিংবা বাইরে যাওয়ার তাড়া। এমন পরিস্থিতিতে চার্জার লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার সুযোগ কোথায়? মাত্র ১৫ থেকে ২০ মিনিটে ফোনে পর্যাপ্ত চার্জ পাওয়া গেলে মন্দ হয় না! স্মার্টফোন নির্মাতারা ব্যবহারকারীদের এমন প্রয়োজনের কথা মাথায় রেখেই প্রতিনিয়ত উন্নত করছেন ফাস্ট চার্জিং প্রযুক্তি। একসময় ১৮ বা ২৫ ওয়াটের চার্জিংকে দ্রুতগতির সুবিধা মনে করা হতো। এখন বাজারে ৬০, ৮০, ১০০, এমনকি ১২০ ওয়াটের বেশি ক্ষমতার চার্জিং প্রযুক্তিও পাওয়া যাচ্ছে।
এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন চীনা স্মার্টফোন নির্মাতারা। শাওমি তাদের হাইপারচার্জ প্রযুক্তির মাধ্যমে ১২০ ওয়াট পর্যন্ত চার্জিং সুবিধা দিচ্ছে। অন্যদিকে অপোর সুপারভুক প্রযুক্তিতে রয়েছে ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং সুবিধা। ওয়ানপ্লাসও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে দ্রুত চার্জিংয়ের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। ভিভো, আইকিউওও, হুয়াওয়ে ও অনারও তাদের বিভিন্ন মডেলে ৮০ থেকে ১২০ ওয়াট পর্যন্ত চার্জিং প্রযুক্তি যুক্ত করছে। ফলে কিছু ফোনের ব্যাটারি অল্প সময়েই উল্লেখযোগ্য পরিমাণ
তবে বেশি ওয়াটের চার্জিং মানেই সবসময় দ্রুততম চার্জ নয়। ব্যাটারির ধারণক্ষমতা, চার্জিং প্রযুক্তি, তাপমাত্রা এবং চার্জারের সক্ষমতার ওপর নির্ভর করে প্রকৃত চার্জিংয়ের সময়। সাধারণত ব্যাটারির চার্জ কম থাকলে গতি বেশি থাকে। ৭০ থেকে ৮০ শতাংশের কাছাকাছি পৌঁছালে ব্যাটারির নিরাপত্তা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে চার্জিংয়ের গতি কমিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, দীর্ঘদিন ফাস্ট চার্জিংয়ে কিছুটা রক্ষণশীল ছিল স্যামসাং। চীনা ব্র্যান্ডগুলো যখন ১০০ থেকে ১২০ ওয়াটের প্রযুক্তি নিয়ে এগোচ্ছিল, তখন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সর্বোচ্চ ৪৫ ওয়াট চার্জিং দেখা গেছে। তবে গ্যালাক্সি এস২৬ আলট্রায় ৬০ ওয়াট তারযুক্ত চার্জিং সুবিধা যুক্ত করে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে প্রতিষ্ঠানটি।
ফাস্ট চার্জিংয়ের প্রতিযোগিতায় তুলনামূলক পিছিয়ে অ্যাপল ও গুগল। আইফোন ১৭ প্রো সিরিজে প্রায় ৪০ ওয়াট পর্যন্ত তারযুক্ত চার্জিং সুবিধা রয়েছে। গুগল পিক্সেল ১০ প্রো এক্সএলে রয়েছে ৪৫ ওয়াট চার্জিং। ফলে চার্জিং গতির বিচারে চীনা ব্র্যান্ডগুলোর তুলনায় এ দুই প্রতিষ্ঠান পিছিয়ে। তবে তারা ব্যাটারির নিরাপত্তা, তাপ নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি কার্যকারিতার ওপর গুরুত্ব দেয়।
ফাস্ট চার্জিংয়ের সুবিধা নিতে গিয়ে ব্যাটারির আয়ু নিয়েও ভাবতে হচ্ছে ব্যবহারকারীদের। দ্রুত চার্জের সময় ব্যাটারিতে তাপ তৈরি হয়। অতিরিক্ত তাপ দীর্ঘদিন ব্যাটারির কার্যকারিতা কমাতে পারে। এ সমস্যা মোকাবিলায় নির্মাতারা ডুয়াল-সেল ব্যাটারি, উন্নত তাপ নিয়ন্ত্রণ এবং স্মার্ট চার্জিং ব্যবস্থাপনা ব্যবহার করছে। সিলিকন-কার্বন ব্যাটারির ব্যবহারও নতুন সম্ভাবনা তৈরি করেছে। এতে তুলনামূলক পাতলা ফোনে বেশি ধারণক্ষমতার ব্যাটারি যুক্ত করা সম্ভব হচ্ছে।
আরেকটি সমস্যা হলো চার্জারের সামঞ্জস্য। সব ফোনে সব চার্জার দিয়ে সর্বোচ্চ গতিতে চার্জ করা যায় না। অনেক প্রতিষ্ঠান নিজস্ব চার্জিং প্রযুক্তি ব্যবহার করে। ফলে নির্দিষ্ট চার্জার ও কেব্ল প্রয়োজন হয়। তবে ইউএসবি পাওয়ার ডেলিভারি ও পিপিএসের মতো প্রযুক্তি বিভিন্ন ডিভাইসে চার্জারের সামঞ্জস্য বাড়াচ্ছে।
ফাস্ট চার্জিংয়ের প্রতিযোগিতা এখন শুধু কে কত বেশি ওয়াট দিতে পারে, তার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দ্রুত চার্জ, ব্যাটারির স্থায়িত্ব, নিরাপত্তা ও চার্জারের ব্যবহারযোগ্যতা— সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতে উন্নত ব্যাটারি প্রযুক্তি ও সর্বজনীন চার্জিং ব্যবস্থার বিস্তার এই অভিজ্ঞতাকে আরও সহজ করবে। তবে ফোন কেনার সময় শুধু চার্জিংয়ের ওয়াট না দেখে ব্যাটারির ধারণক্ষমতা, প্রকৃত চার্জিং সময় ও দীর্ঘমেয়াদি কার্যকারিতাও বিবেচনা করা জরুরি।



