সৌরজগৎ দাপিয়ে বেড়াবে স্টারশিপ

গ্রাফিকস: আগামীর সময়
সুবিশাল রকেটকে চপস্টিকের মতো দুই বাহুতে আটকে ধরেছে যান্ত্রিক হাত মেকাজিলা। এ ঘটনা নিশ্চিতভাবেই ভবিষ্যৎ মহাকাশ অভিযানকে করবে আরও সাশ্রয়ী ও সহজ।
মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে প্রায় ২২ ঘণ্টা ঘুরে এসে উৎক্ষেপণস্থলের বিশাল যান্ত্রিক বাহুতে ধরা দিল বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপ। ২০২৬ সালের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেসে ঘটে যাওয়া এ ঘটনা মহাকাশ প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক।
স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়নে (ফ্লাইট-১৫) প্রথমবারের মতো এর ওপরের অংশ বা শিপকে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহু দিয়ে সফলভাবে ধরে ফেলা সম্ভব হয়। এই বাহুগুলোর নাম ‘মেকাজিলা’। এর আগে একই প্রযুক্তিতে স্টারশিপের নিচের অংশ সুপার হেভি বুস্টারকে কয়েকবার ধরে সফলভাবে অবতরণ করানো হয়েছিল। কিন্তু মহাকাশে গিয়ে ফিরে আসা মূল মহাকাশযান অংশকে এভাবে ধরে ফেলার ঘটনা এটাই প্রথম।
এটি শুধু একটি সফল অবতরণ নয়; বরং বড় মহাকাশযানকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় অগ্রগতি। এর মাধ্যমে মহাকাশে যাতায়াতের খরচ কমানো, উৎক্ষেপণের সংখ্যা বাড়ানো এবং ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
২২ ঘণ্টার মহাকাশযাত্রা ও ঐতিহাসিক প্রত্যাবর্তন
স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয় ১৩ নভেম্বর। যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে মহাকাশের উদ্দেশে যাত্রা করে বিশাল রকেটটি।
স্টারশিপ মূলত দুটি প্রধান অংশ নিয়ে তৈরি। নিচের অংশটির নাম সুপার হেভি বুস্টার এবং ওপরের অংশটি মহাকাশযান বা শিপ। উৎক্ষেপণের সময় দুটি অংশ একসঙ্গে কাজ করে। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর তারা আলাদা হয়ে যায়। এরপর সুপার হেভি বুস্টারের কাজ হয় উৎক্ষেপণস্থলে ফিরে আসা আর শিপের কাজ মহাকাশে নিজের নির্ধারিত অভিযান সম্পন্ন করা।
ফ্লাইট-১৫-তে শিপ প্রায় ২৭৫ কিলোমিটার উচ্চতার কক্ষপথে পৌঁছায়। সেখানে পৃথিবীকে প্রায় ১৪ বার প্রদক্ষিণ করে। এই দীর্ঘ যাত্রায় মহাকাশযানটি ২৬টি স্টারলিংক ভি৩ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে।
এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। মহাকাশের কক্ষপথ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে আবার টেক্সাসের স্টারবেসে ফিরে আসা। এ সময় মহাকাশযানটির সামনে ছিল তীব্র তাপ, প্রচণ্ড বায়ুর চাপ এবং অত্যন্ত জটিল অবতরণ প্রক্রিয়া।
১৪ নভেম্বর প্রায় ২২ ঘণ্টা ৩০ মিনিটের যাত্রা শেষে এটি স্টারবেসের দিকে ফিরে আসে। শেষ পর্যায়ে র্যাপ্টর ইঞ্জিন চালু করে নিজের গতি নিয়ন্ত্রণ করে এবং উল্লম্ব অবস্থানে এসে মেকাজিলার দুটি বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে স্থির হয়ে যায়। মুহূর্তেই তৈরি হয় ইতিহাস। প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে গিয়ে ফিরে আসা স্টারশিপের ওপরের অংশকে উৎক্ষেপণ টাওয়ারের বাহু দিয়ে ধরে ফেলে স্পেসএক্স।
মেকাজিলা কী?
স্টারশিপ প্রকল্পের অন্যতম অভিনব প্রযুক্তি হলো মেকাজিলা। এটি মূলত উৎক্ষেপণ টাওয়ারের সঙ্গে যুক্ত বিশাল দুটি যান্ত্রিক বাহুবিশিষ্ট ব্যবস্থা। বাহু দুটি দেখতে অনেকটা চপস্টিকের মতো হওয়ায় এগুলোকে ‘চপস্টিক আর্মস’ বলা হয়।
সাধারণ রকেট অবতরণের ক্ষেত্রে বিশেষ ল্যান্ডিং প্যাড বা সমুদ্রে ভাসমান প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। কিন্তু স্টারশিপের পরিকল্পনা একেবারেই আলাদা। তাদের লক্ষ্য হলো, রকেটের দুই অংশকে উল্লম্ব অবস্থায় ফিরিয়ে এনে টাওয়ারের বাহু দিয়ে ধরে ফেলা।
এতে রকেটকে অবতরণের জন্য আলাদা ল্যান্ডিং লেগ বহন করতে হয় না। পাশাপাশি অবতরণের পর সেটি অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজনও কমে যায়। টাওয়ার থেকে ধরে আবার প্রয়োজনীয় পরীক্ষা ও প্রস্তুতি শেষে নতুন অভিযানের জন্য ব্যবহার করা সম্ভব হবে।
এ প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো সময় ও খরচ সাশ্রয়। স্পেসএক্সের লক্ষ্য, একবার ব্যবহার করা রকেটকে দ্রুত পরীক্ষা করে আবার উৎক্ষেপণ করা। অনেকটা যাত্রীবাহী বিমানের মতো একই যান বারবার ব্যবহারের ব্যবস্থা গড়ে তোলা।
কেন স্টারশিপ এত গুরুত্বপূর্ণ?
স্টারশিপের গুরুত্ব বুঝতে হলে প্রথমেই এর বিশাল আকারের দিকে তাকাতে হবে। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ও শক্তিশালী মহাকাশযান ব্যবস্থা। স্পেসএক্সের নকশা অনুযায়ী, সুপার হেভি বুস্টারসহ পুরো রকেটটির উচ্চতা প্রায় ১২৩ মিটার, যা একটি ৪০ তলা ভবনের সমান। এর ব্যাস প্রায় ৯ মিটার, অর্থাৎ উচ্চতা ও আয়তন— দুদিক থেকেই এটি প্রচলিত অধিকাংশ রকেটের তুলনায় অনেক বড়।
স্টারশিপের নিচের অংশ সুপার হেভি বুস্টারের উচ্চতা প্রায় ৭১ মিটার। আর ওপরের অংশ মহাকাশযান বা শিপের উচ্চতা প্রায় ৫২ মিটার। দুটি অংশ একসঙ্গে যুক্ত হলে তৈরি হয় বিশাল এক মহাকাশ পরিবহন ব্যবস্থা।
এর শক্তির উৎস ৩৩টি র্যাপ্টর ইঞ্জিনচালিত সুপার হেভি বুস্টার। অন্যদিকে শিপের পেছনে রয়েছে ছয়টি র্যাপ্টর ইঞ্জিন। পুরো ব্যবস্থাটি তরল মিথেন ও তরল অক্সিজেন জ্বালানি ব্যবহার করে পরিচালিত হয়।
স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য অবস্থায় এটি নিম্ন পৃথিবী কক্ষপথে প্রায় ১০০ থেকে ১৫০ টন পর্যন্ত মালপত্র বহন করতে পারবে। যেখােন সার্ভিসে থাকা স্পেসএক্সের সবচেয়ে শক্তিশালী রকেট সিস্টেম ফ্যালকন হেবি পেলোডের সক্ষমতা প্রায় ৬৩ টন।
এত বড় আকারের রকেট তৈরির পেছনে রয়েছে মহাকাশ পরিবহনের খরচ কমানোর পরিকল্পনা। বর্তমানে অনেক রকেটের গুরুত্বপূর্ণ অংশ একবার ব্যবহারের পর আর কাজে লাগানো যায় না। ফলে প্রতিটি উৎক্ষেপণে বিপুল অর্থ ব্যয় হয়। কিন্তু স্টারশিপের সুপার হেভি বুস্টার ও শিপ— দুটি অংশই পুনর্ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে।
স্পেসএক্সের লক্ষ্য, একটি যাত্রীবাহী বিমানের মতো একই রকেটকে বারবার ব্যবহার করা। এতে উৎক্ষেপণের খরচ কমবে।
চাঁদ ও মঙ্গল অভিযানের ক্ষেত্রেও স্টারশিপের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আর্টেমিস কর্মসূচির অধীনে চাঁদে নভোচারী অবতরণের জন্য স্টারশিপের পরিবর্তিত সংস্করণকে লুনার ল্যান্ডার হিসেবে নির্বাচন করেছে। ভবিষ্যতে একই প্রযুক্তি ব্যবহার করে মঙ্গল গ্রহে মানুষ ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর পরিকল্পনাও রয়েছে স্পেসএক্সের।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্টারশিপের উন্নয়নে স্পেসএক্স এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
মহাকাশ অভিযানের নতুন সংজ্ঞা
একসময় মানুষ চাঁদে পৌঁছানোকে কল্পবিজ্ঞানের বিষয় মনে করত। পরে সেই কল্পনাই বাস্তবে রূপ নেয়। এবার মহাকাশ গবেষণার সামনে নতুন চ্যালেঞ্জ—মহাকাশযানকে শুধু মহাকাশে পাঠানো নয়, বরং সেটিকে নিরাপদে ফিরিয়ে এনে আবার ব্যবহার করা।
ভবিষ্যতে যদি স্পেসএক্স এই প্রযুক্তিকে পুরোপুরি নির্ভরযোগ্য করতে পারে, তাহলে মহাকাশযাত্রার অর্থনীতি বদলে যেতে পারে। চাঁদে যাতায়াত, মঙ্গল অভিযান, মহাকাশে শিল্পকারখানা স্থাপন কিংবা পৃথিবীর কক্ষপথে বৃহৎ অবকাঠামো নির্মাণ— পুরো সৌরজগতে তৈরি হতে পারে নতুন সুযোগ।



