এআই বের করছে ‘সাইবার বাগ’

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে বিশ্ব জুড়ে সফটওয়্যারে নতুন নতুন সাইবার দুর্বলতা (বাগ) বা ভালনারেবিলিটি আবিষ্কারের হার দ্বিগুণ হয়েছে। রয়টার্সের সঙ্গে আলাপকালে সাতজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করেছেন, এআইয়ের কারণে হ্যাকারদের কোড এক্সপ্লয়েট করার সময়সীমা সপ্তাহ বা মাস থেকে নেমে মাত্র কয়েক ঘণ্টায় এসে ঠেকেছে।
সম্প্রতি পিএইচপি নিরাপত্তা ত্রুটির কারণে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইটগুলোতে বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। বিশেষ করে জাপান তাদের দেশের অনেক আর্থিক খাতের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়।
একই সপ্তাহে নোড.জেএস, প্লেক্স এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও বড় দুর্বলতা ধরা পড়ে। বিশেষজ্ঞদের শঙ্কা, আগামী কয়েক বছর ইন্টারনেট নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে।
তবে ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স মনে করেন, দীর্ঘমেয়াদে এ ত্রুটিগুলো প্রকাশ্যে আসায় ইন্টারনেট আরও সুরক্ষিত হবে, যা শেষ পর্যন্ত সুফল বয়ে আনবে।



