‘ভিএলএসআইথন ৩.০’ চ্যাম্পিয়ন চবির ডেভিয়েশন

পুরস্কার গ্রহণ করছে চ্যাম্পিয়ন দল- ইমরানুর রহমান
দেশের সেমিকন্ডাক্টর ও ভিএলএসআই খাতের প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’-এর চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেভিয়েশন’। চ্যাম্পিয়ন হিসেবে দলটি পেয়েছে এক লাখ টাকা পুরস্কার।
প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ভলটিক্স’। তারা পেয়েছে ৬০ হাজার টাকা। দ্বিতীয় রানার্সআপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেনসিটি ডিমনস’ পেয়েছে ৪০ হাজার টাকা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে দেড় মাসব্যাপী এ আয়োজনের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
উল্কাসেমির আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) সঙ্গে যৌথভাবে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় হয় এবারের আয়োজন। এতে সারা দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের ১০৬টি দল থেকে মোট ২০৬ জন শিক্ষার্থী অংশ নেন। এবারের ভিএলএসআইথনের বিষয় ছিল প্লেস অ্যান্ড রাউট (পিএনআর)। আয়োজকরা জানিয়েছেন, সেমিনার ও কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পর্ব শেষে তাত্ত্বিক জ্ঞান এবং ইডিএ টুলের ওপর পরীক্ষার মাধ্যমে সেরা ১০টি দল নির্বাচন করা হয়। এরপর কেস সলভিং ও প্রেজেন্টেশন পর্বের মাধ্যমে সেরা তিনটি দল নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম এবং উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান। বক্তব্যে মোহাম্মদ এনায়েতুর রহমান বললেন, ‘ভিএলএসআইথন অ্যাকাডেমিক পড়াশোনা আর শিল্প খাতের বাস্তব চাহিদার মধ্যে ব্রিজ তৈরি করছে। দেশে ভিএলএসআইথনে অংশগ্রহণ করা অনেক প্রতিযোগী এখন উল্কাসেমিসহ অন্যান্য প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত। এটি প্রমাণ করে, এ ধরনের প্রতিযোগিতা কীভাবে একজন শিক্ষার্থীকে সরাসরি ইন্ডাস্ট্রি-রেডি করে তুলতে পারে।’
সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের ভিএলএসআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির একসঙ্গে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে সেমিকন্ডাক্টর সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী করবে।’ অনুষ্ঠানে ভিএলএসআইথন ৩.০-এর সেরা ১০ দলের শিক্ষার্থী, এআইইউবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউভিটিআইর প্রশিক্ষক ও শিক্ষার্থী এবং উল্কাসেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





