খড়ম পায়ে গরম সাহেব
অদ্বৈত মারুত

গ্রাফিকস: আগামীর সময়
ঝলসানো রোদ সটান দুপুর
ভ্যাপসা গরম চাবুক,
বাতাস নাকি ঘুরতে গিয়ে
বোন পেয়েছে ভাবুক।
বোনের বাড়ি মেঘপাহাড়ে
আকাশটা তার ডানা
রাগলে তাকে যায় থামানো?
জলকে দেবে হানা।
বোনের তাড়া খেয়ে বাতাস
বইতে থাকে জোরে
বাপরে, তাতেই ভ্যাপসা কাকু
পালাল খুব ভোরে!
মেঘবোনেরও রাগ কমেনি
বলছে হাওয়াই বাবু:
গরম সাহেব খড়ম পরে
ফেলছে নতুন তাঁবু!
দুজনের এই হল্লাগাড়ি
চলছে আকাশ ফুঁড়ে
আমরা কোথায় যাই বলো তো?
বইখাতা সব ছুড়ে।




