আঁকতে পারো
এম ডি জিয়াবুল

অলংকরণ করেছেন রজত
আঁকবে যখন খোকন তুমি
ইচ্ছামতো আঁকো,
ঘাটে বাঁধা পাল তোলা নাও
মুলি বাঁশের সাঁকো।
আঁকতে পারো জোয়ার-ভাটা
শান্ত নদীর কূল,
আঁকতে পারো জুঁই-চামেলি
কলমি ফুলের দুল।
আঁকতে পারো খোকন তুমি
পাতিহাঁসের ঝাঁক,
আঁকতে পারো পল্লী গাঁয়ের
মেঠোপথের বাঁক।
আঁকতে পারো মৎস্যভরা
শান্ত পুকুরঘাট,
আঁকতে পারো শস্য-শ্যামল
কাঁকন ধানের মাঠ।
আঁকতে পারো খোকন তুমি
সূর্য-দীঘল বাড়ি,
এঁকো খোকন বন-বিটপীর
গাছের সারি সারি।



