তিড়িং বিড়িং কাঠবেড়ালি
এস এম শহীদুল আলম

ফুড়ুৎ-ফুড়ুৎ কাঠবেড়ালির লেজখানা বেশ বড়,
চলাফেরায় নেই কোলাহল; নেই কোনো ভয়ডরও।
মাথা থেকে পা অবধি রঙধনু রঙ সাজ,
শরীর জুড়ে ডোরাকাটা; কী যে কারুকাজ।
নাদুসনুদুস দেহখানা, চারটি কোমল পা,
সঙ্গী পেলে গায় সংগীত— নিধাং ধিতাং ধা।
তিড়িং বিড়িং কাঠবেড়ালি লাফিয়ে বেড়ায় গাছে,
বউচি খেলে ডালে ডালে আর যে সুখে নাচে।
প্রিয় খাবার পেয়ারা বাদাম কমলা কলা লিচু,
তরতরিয়ে ওঠে গাছে— হোক না উঁচু-নিচু।
কাঠবেড়ালি ভালোবাসে শহর-নগর গাঁ,
বন-বাদাড়ে হঠাৎ মেলে তুলতুলে তার ছা।
কাঠবেড়ালি-গাছবেড়ালির নতুন ছড়া শোন,
আদিল সোনা তাকেই দেবে দরদমাখা ‘জোন’।
তারই সঙ্গে বলবে কথা মন যখনই চায়,
ইচ্ছে ডানায় খেলবে খেলা ছোট্ট সোনার গাঁয়।
খবর শুনেই কাঠবেড়ালি জলদি কাছে আসে,
সেই খুশিতে আদিল সোনা চাঁদের মতো হাসে।
বলল কথা ছন্দগাথা; খেলল খেলা যত,
এমনি করেই কাটুক বেলা বছর শত শত।



