মেরি রজার্স: ইতিহাসের এক অমীমাংসিত খুনের রহস্য

প্রতীকী ছবি
উনিশ শতকের চল্লিশের দশকে নিউ ইয়র্ক শহরের কোলাহলের মাঝে এক তরুণীকে ঘিরে কৌতূহল আর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কিন্তুনির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। মেরি সিসিলিয়া রজার্স জন্মেছিলেন কানেকটিকাটের লাইমে, আনুমানিক ১৮২০ সালে। ১৮৩৭ সালে বিধবা মায়ের সঙ্গে তিনি নিউ ইয়র্কে আসেন এবং ব্রডওয়েতে অবস্থিত একটি তামাকের দোকানে কাজ শুরু করেন।মেরি সিসিলিয়া রজার্সের সৌন্দর্যের খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়েছিল। তার সঙ্গে কথা বলা ও দেখার জন্য দূর-দূরান্ত থেকে পুরুষেরা বিভিন্ন অজুহাতে দোকানে ভিড় করতেন। সৌন্দর্যের কারণে স্থানীয় পত্রিকাগুলো তাঁকে নাম দেয় 'সুন্দরী সিগার গার্ল'। এই জনপ্রিয়তাই ধীরে ধীরে তার জীবনে অনিশ্চয়তা ডেকে আনে।
প্রথম বিপদের আভাস মেলে ১৮৩৮ সালে। ৫ অক্টোবর 'দ্য সান' পত্রিকায় মেরির নিখোঁজ হওয়ার খবর ছাপা হলে শহরে হইচই পড়ে যায়। তার মা দাবি করেছিলেন, তিনি একটি আত্মহত্যার চিরকুট পেয়েছেন। তবে মেরি সুস্থ অবস্থায় ফিরে আসেন। এই পুরোনো ঘটনার কারণেই ১৮৪১ সালে পরিস্থিতি আরও বিভ্রান্তিকর হয়ে ওঠে।
১৮৪১ সালের জুনে ড্যানিয়েল পেইন নামক এক ব্যক্তির সঙ্গে মেরির বাগদান হয়। ২৫ জুলাই, রোববার বিকেলে তিনি বাগদত্তা পেইনকে জানান যে খালা ও অন্য আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সেটাই ছিল তাদের শেষ দেখা। পরদিন এক আত্মীয় জানান, মেরি আগের দিন যাননি এবং যাওয়ার কথাও ছিল না। উদ্বেগ দ্রুত আতঙ্কে রূপ নেয়।
তিন দিন পর ২৮ জুলাই হাডসন নদীর ওপারে নিউ জার্সির হোবোকেনে সিবিল'স কেভের কাছে হাঁটতে বের হওয়া দুজন পথচারী নদীতে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে আসা এক ব্যক্তি পোশাক ও চেহারা দেখে নিশ্চিত করেন, লাশটি মেরি রজার্সের। মুখে আঘাতের চিহ্ন এবং গলায় কালশিটে দাগ থাকায় বোঝা যায়, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। এরপর মামলা ও তদন্ত শুরু হয়, আর সেই সঙ্গে নানা সন্দেহ ও তত্ত্ব ছড়াতে থাকে। কেউ ভাবেন, মেরি কোনো গ্যাং সহিংসতার শিকার। একজন সাক্ষী দাবি করেন, তিনি মেরিকে একদল রুক্ষ চেহারার পুরুষের সঙ্গে ফেরি থেকে নামতে দেখেছেন। কাছের সরাইখানার মালকিন জানান, তিনি মেরিকে এক কৃষ্ণাঙ্গ পুরুষের সঙ্গে বনের দিকে যেতে দেখেছিলেন। স্থানীয় ছেলেরা ঝোপের ভেতর মেরির পোশাক ও জিনিসপত্র পায়। সেখানে দেহ টেনে নেওয়ার মতো একটি দাগও ছিল, যা পরে মিলিয়ে যায়।
কয়েক মাস পর, ১৮৪১ সালের ৭ অক্টোবর, ড্যানিয়েল পেইন হোবোকেনে হাডসন নদীর তীরে আত্মহত্যা করেন। একটি চিরকুটে তিনি নিজের অপচয় করা জীবনের জন্য ক্ষমা চেয়ে যান। কেউ সেই চিরকুটকে অপরাধ স্বীকার বলে মনে করেন, কেউ আবার একে মেরিকে হারানোর অসহ্য শোকের প্রকাশ হিসেবে দেখেন। তবে তদন্তে পেইন নির্দোষ বলে প্রমাণিত হয় কারণ ঘটনার সময় তিনি ওখানে ছিলেন না।
পরের বছর, ১৮৪২ সালে, আরেকটি চাঞ্চল্যকর গুজব ছড়ায়। একটি সূত্র জানায়, সরাইখানার মালকিন একটি দুর্ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার আগে স্বীকার করেছিলেন, সরাইখানায় ব্যর্থ গর্ভপাতের চেষ্টায় মেরির মৃত্যু হয়েছিল এবং খুনের ঘটনা সাজাতে লাশ নদীতে ফেলা হয়। এই মৃত্যুশয্যার স্বীকারোক্তির গল্প বেশ আলোচিত হলেও তা প্রমাণিত সত্য নয়।
এই হত্যাকাণ্ড সাহিত্যের ইতিহাসেও নতুন অধ্যায় খুলে দেয়। মার্কিন লেখক এডগার অ্যালান পো মেরির ঘটনা নিয়ে তার গোয়েন্দা চরিত্র সি অগাস্ট ডুপাঁকে দিয়ে লেখেন 'দ্য মিস্ট্রি অব মেরি রজেট'। বাস্তব অপরাধের ওপর ভিত্তি করে লেখা প্রথম দিকের গোয়েন্দা কাহিনিগুলোর একটি হিসেবে এটি পরিচিত। পো তার গল্পে নিউ ইয়র্কের বদলে প্যারিসকে পটভূমি করেন, মেরির নাম দেন মারি রজেট, সিগার দোকানের জায়গায় রাখেন পারফিউমের দোকান, আর হাডসনের বদলে সিন নদীর কথা লেখেন।
সাহিত্য ও ইতিহাসে মেরি রজার্স অমর হয়ে আছেন, কিন্তু কে বা কারা সেদিন তার জীবন কেড়ে নিয়েছিল, সেই চূড়ান্ত সত্য আজও অমীমাংসিত।
সূত্রঃ আনট্যাপড নিউ ইয়র্ক , এ অ্যান্ড ই বায়োগ্রাফি , স্মিথসোনিয়ান ম্যাগাজিন , অ্যাটলাস অবস্কিউরা।







