হরর বুক
সালেম’স লট

“সালেম’স লট” আধুনিক হররের অন্যতম জনপ্রিয় লেখক স্টিফেন কিংয়ের এমন একটি উপন্যাস, যেখানে অস্বস্তি শুধু অতিপ্রাকৃত সত্তার ভয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একটি পুরো সমাজের নৈতিক অধঃপতন এবং মানুষের মনের গহিনের অন্ধকারকে একসঙ্গে উন্মোচন করা হয়েছে। গল্পটি জেরুসালেম’স লট নামের একটি ছোট, নির্জন শহরকে কেন্দ্র করে লেখা। যেখানে লেখক বেন মেয়ার্সের ছোটবেলা কেটেছে, এখানেই তিনি আবার ফিরে আসেন নতুন একটি উপন্যাস লিখতে। ছোটবেলার কিছু অদ্ভুত স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে লেখককে। কিন্তু শহরে আসার পর তিনি বুঝতে পারেন, পুরো শহরটাকেই ধীরে ধীরে গ্রাস করছে এক অতিপ্রাকৃত ছায়া।
এই উপন্যাসটিকে ‘স্লো বার্ন’ হিসেবেই ধরা যায়। কিং শুরুতে শহরের বাসিন্দাদের দৈনন্দিন জীবন, মানুষের সম্পর্ক, ছোটখাটো ঘটনা ইত্যাদি এতো নিখুঁতভাবে তুলে ধরেছেন যে, পাঠক প্রথমে এটিকে একটি সাধারণ ছোট শহরের গল্প মনে করতে পারে। কিন্তু এই ধীর বর্ণনাই পরে ভয়ের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। কার্ট বাটলো চরিত্রটিকে যে লেখক অনেক চিন্তাভাবনা করেই তৈরি করেছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
বইয়ের প্রতিটি চরিত্রই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বেন মেয়ার্স, স্থানীয় শিক্ষক ম্যাট বার্ক, কিশোর মার্ক পেট্রি এবং অনেক পার্শ্বচরিত্র। প্রতিটি চরিত্রই বাস্তবসম্মত ও গভীর। কিং এমনভাবে তাদের জীবন ও মানসিক অবস্থা তুলে ধরেছেন, যেন পাঠক বুঝতে পারে কীভাবে ভয়, সন্দেহ এবং সামাজিক বিচ্ছিন্নতা ধীরে ধীরে মানুষকে দুর্বল করে তোলে। ফলে ভ্যাম্পায়ারদের আক্রমণ কেবল শারীরিক নয়, মানসিক ও সামাজিক স্তরেও ধ্বংস ডেকে আনে।
এখানে ভ্যাম্পায়ার কেবল একটি দানবীয় সত্তা নয়; বরং একধরনের প্রতীক, যা মানুষের লুকানো পাপ, লোভ এবং নৈতিক অবক্ষয়কে প্রকাশ করে। কিং দেখান, অশুভ শক্তি কখনোই একা কাজ করে না। এটি মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। এজন্যই বলা হয়, সালেম’স লট শুধু একটি হরর উপন্যাস নয়; বরং একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।
যারা গা ছমছমে পরিবেশ, অসাধারণ কিছু চরিত্র আর মেটাফোরে ভরপুর গল্প পছন্দ করেন, তাদের এ বইটি নিঃসন্দেহে ভালো লাগবে।
বইটি প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালের ১৭ অক্টোবর। এটি ছিল স্টিফেন কিংয়ের দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। অনেকের মতে এটি আধুনিক যুগের শ্রেষ্ঠ ভ্যাম্পায়ার কাহিনি।






