হরর বুক
ক্যারি
- নিপীড়নের আগুনে জন্ম নেওয়া এক বিভীষিকার গল্প

হরর সাহিত্যের ইতিহাসে এমন কিছু উপন্যাস আছে, যেগুলো প্রকাশের বহু দশক পরেও পাঠকের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। স্টিফেন কিংয়ের ‘ক্যারি’ তেমনই একটি উপন্যাস। ১৯৭৪ সালে প্রকাশিত উপন্যাসটি শুধু কিংয়ের সাহিত্যজীবনের সূচনাই নয়, বরং আধুনিক হরর সাহিত্যের গতিপথ পরিবর্তনেরও একটি গুরুত্বপূর্ণ কাজ।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ক্যারি হোয়াইট একজন লাজুক, অন্তর্মুখী এবং নিঃসঙ্গ কিশোরী। স্কুলে সে সহপাঠীদের উপহাস ও নির্যাতনের শিকার আর ঘরে ধর্মীয় উন্মাদনায় আক্রান্ত মায়ের কঠোর নিয়ন্ত্রণে বন্দি। কৈশোরের স্বাভাবিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত ক্যারি ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন এক পরিস্থিতিতে সে নিজের মধ্যে আবিষ্কার করে টেলিকাইনেসিসের ক্ষমতা (মনের শক্তি দিয়ে বস্তু নিয়ন্ত্রণ করার এক অস্বাভাবিক সামর্থ্য)। কিন্তু এ ক্ষমতা তাকে মুক্তি দেওয়ার বদলে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয়।
পাঠক ক্যারির কর্মকাণ্ডে আতঙ্কিত হয় ঠিকই, কিন্তু একই সঙ্গে তার প্রতি গভীর সহানুভূতিও অনুভব করে।






