প্যানক্রিয়াটিক ক্যানসার কেন হয়

প্যানক্রিয়াটিক ক্যানসারকে বিশ্ব জুড়ে ক্যানসারজনিত মৃত্যুর সপ্তম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ রোগের লক্ষণ ও এর প্রতিকার নিয়ে লিখেছেন ডা. মোহাম্মদ সাইদুল আমান
আমাদের শরীরের ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি হলো প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। পেটের ওপরের দিকে, লিভারের নিচে এবং পাকস্থলীর পেছনে এর অবস্থান। মেরুদণ্ড ও মহাধমনির ঠিক সামনে অবস্থিত এই ছোট অঙ্গটি আপাতদৃষ্টিতে আমাদের নজরে না এলেও শরীরে এর কাজের কোনো তুলনা নেই। প্যানক্রিয়াস মূলত দুটি প্রধান কাজ করে— প্রথমত, বিভিন্ন এনজাইম তৈরির মাধ্যমে হজম প্রক্রিয়ায় সহায়তা; দ্বিতীয়ত, ইনসুলিন, গ্লুকাগন ও সোমাটোস্টাটিনের মতো হরমোন তৈরি করে রক্তে গ্লুকোজের মাত্রা ও শরীরের লবণের ভারসাম্য রক্ষা। যখন এই প্যানক্রিয়াসের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়ে অস্বাভাবিক টিস্যু তৈরি করে, তখন তাকে বলা হয় প্যানক্রিয়াটিক ক্যানসার।
ভয়াবহতার নেপথ্যে
এর সবচেয়ে বড় ভয় রোগ নির্ণয়ে দেরি হওয়া। প্রায় ৮৫ শতাংশের বেশি ক্ষেত্রে রোগটি যখন ধরা পড়ে, ততক্ষণে এটি প্যানক্রিয়াসের আশপাশের অঙ্গ কিংবা দূরের কোনো প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে (মেটাস্ট্যাসিস)। ফলে সঠিক চিকিৎসা ও অস্ত্রোপচার বেশ জটিল হয়ে ওঠে।
কারণ ও ঝুঁকির ক্ষেত্র
প্যানক্রিয়াটিক ক্যানসারের সঠিক কারণ এখনো পুরোপুরি অজানা। তবে কিছু নির্দিষ্ট ঝুঁকি রয়েছে, যা আমাদের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। পুরুষদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এ ছাড়া অতিরিক্ত ধূমপান, মদ্যপান, দীর্ঘমেয়াদি প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসে পাথর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা এই ক্যানসারের অন্যতম ঝুঁকি। কিছু পারিবারিক ও জিনগত রোগও ঝুঁকি বাড়ায়। পরিবারের একজন সদস্যের এ ক্যানসার হলে অন্য সদস্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৮ থেকে ৫৭ গুণ পর্যন্ত বেশি হতে পারে।
লক্ষণ বুঝবেন কীভাবে?
প্রাথমিক পর্যায়ে অনেকের কোনো লক্ষণ থাকে না। কারও কারও খাবারে অরুচি, বদহজম বা হালকা পেটব্যথা হতে পারে। রোগ বাড়ার সঙ্গে স্নায়ু, লসিকা ও রক্তনালি আক্রান্ত হওয়ায় পেটব্যথা তীব্র হতে পারে। দ্রুত ওজন কমে যাওয়া এবং জন্ডিসও দেখা দিতে পারে। জন্ডিস হলে প্রস্রাব সরিষার তেলের মতো গাঢ়, পায়খানা সাদা বা ধূসর এবং সারা শরীরে তীব্র চুলকানি হতে পারে। চিকিৎসা না হলে কাঁপুনিসহ জ্বর দেখা দিতে পারে। কখনো পেটে বড় চাকা বা রক্তবমি নিয়েও রোগী চিকিৎসকের কাছে আসেন।
রোগীর উপসর্গ, ইতিহাস ও শারীরিক পরীক্ষা থেকে চিকিৎসক প্রাথমিক ধারণা পান। এরপর পেটের আলট্রাসনোগ্রাম, লিভার ফাংশন টেস্ট ও CA 19-9 টিউমার মার্কার পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান, এমআরসিপি এবং এন্ডোস্কপির মাধ্যমে আলট্রাসনোগ্রাম বা EUS করা হয়। ক্যানসার অন্যত্র ছড়িয়েছে কি না জানতে PET-CT করা যেতে পারে, যদিও এটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। জন্ডিস কমাতে ERCP-এর মাধ্যমে পিত্তনালিতে নল বসানো এবং প্রয়োজনে বায়োপসি করা হয়।
চিকিৎসা পদ্ধতি
ক্যানসারের ধাপ বা স্টেজ অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করা হয়। এজন্য একটি টিউমার বোর্ড গঠন করা হয়। রোগী যদি প্রাথমিক পর্যায়ে আসেন এবং শরীর অপারেশনের উপযুক্ত থাকে, তবে ‘হুইপলস অপারেশন’ (Whipple’s operation) হলো এই রোগের একমাত্র সফল চিকিৎসা। এটি একটি অত্যন্ত জটিল অপারেশন, যেখানে পাকস্থলীর শেষাংশ, পিত্তথলি, পিত্তনালি, ডিওডেনাম, প্যানক্রিয়াসের একাংশসহ সংলগ্ন রক্তনালি কেটে ফেলে দিয়ে পুনরায় ক্ষুদ্রান্ত্রের সঙ্গে জোড়া দেওয়া হয়।
আমাদের দেশে বর্তমানে বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতেও এই জটিল অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে। অস্ত্রোপচারের পর কেমোথেরাপি দিলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে।
তবে অধিকাংশ রোগী দেরি করে আসার ফলে অপারেশনের উপযুক্ত থাকেন না। তাদের ক্ষেত্রে ‘ট্রিপল বাইপাস’ অপারেশন বা জন্ডিস কমানোর জন্য ইআরসিপি (ERCP) করে পিত্তনালিতে নল বসিয়ে কিছুটা স্বস্তি দেওয়া হয়। এরপর কেমোথেরাপি বা রেডিওথেরাপির মাধ্যমে রোগীকে স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।
প্রতিরোধে করণীয়
প্যানক্রিয়াটিক ক্যানসার থেকে বাঁচতে স্বাস্থ্যকর অভ্যাসের কোনো বিকল্প নেই। মদ্যপান ও ধূমপান পুরোপুরি বর্জন করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদি প্যানক্রিয়াটাইটিসের সঠিক চিকিৎসা করান। যদি পরিবারের কারও এই ক্যানসারের ইতিহাস থাকে, তবে নিয়মিত স্ক্রিনিং করানো জরুরি।
বর্তমানে বিশ্ব জুড়ে প্যানক্রিয়াটিক ক্যানসার আক্রান্তের হার বাড়ছে। তবে প্রাথমিক পর্যায়ে সচেতনতা ও সময়মতো রোগ নির্ণয় সম্ভব হলে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
লেখক: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমআরসিএস (গ্লাসগো, ইউকে)
সহকারী অধ্যাপক, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল



