স্বাস্থ্য টিপস
বুকের মধ্যে চাপ কি হার্ট অ্যাটাকের লক্ষণ

গ্রাফিকস: আগামীর সময়
বুকের ঠিক মাঝখানে হঠাৎ চাপ অনুভব করলে অনেকেই ভয় পেয়ে যান, ভাবেন হয়তো হার্ট অ্যাটাক হচ্ছে। আবার অনেকে গ্যাসের ব্যথা ভেবে পুরো বিষয়টি এড়িয়ে যান। তবে বুকের মাঝখানে চাপ অনুভব করা হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। আমাদের বুকের হাড়ের ঠিক পেছনে হৃদযন্ত্র, খাদ্যনালি ও পাকস্থলীর ওপরের অংশ থাকে। তাই গ্যাস্ট্রিকের সমস্যায়ও একই রকম চাপ অনুভব হতে পারে। এ ছাড়া মাংসপেশির টান বা দুশ্চিন্তাও এর কারণ হতে পারে।
যেভাবে বুঝবেন বুকে চাপ হৃদযন্ত্রের সমস্যা
- বুকের মাঝখানে ভারী চাপ, যেন ভারী কিছু চেপে বসেছে বা মুঠো করে ধরেছে
- চাপ বাঁ হাত, কাঁধ, ঘাড় বা চোয়ালের দিকে ছড়ানো
- সঙ্গে শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম বা বমি ভাব
- পরিশ্রম বা হাঁটার সময় চাপ বেড়ে যাওয়া
- কিছুক্ষণ চাপ থাকা বা বারবার ফিরে আসা
যেভাবে বুঝবেন চাপ সাধারণ কারণে
- খাওয়ার পর বুক জ্বালা বা টক ঢেকুরের সঙ্গে চাপ হলে তা গ্যাস্ট্রিকের ইঙ্গিত
- নির্দিষ্ট জায়গায় চাপ দিলে ব্যথা বাড়া, যা মাংসপেশির সমস্যা হতে পারে
- শ্বাস নেওয়া বা নড়াচড়ার সঙ্গে ব্যথা বদলানো
- দুশ্চিন্তা বা আতঙ্কের সময় বুকে চাপ লাগা
তবে যাদের বয়স বেশি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা পরিবারে হৃদরোগের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে বুকে চাপকে কখনোই অবহেলা করা উচিত নয়। তাই বুকে চাপের সঙ্গে যদি শ্বাসকষ্ট, ঘাম বা হাত-চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়ে, তাহলে অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে যান।
লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম ।



