মাইগ্রেন ব্যথায় করণীয়
ডা. সিরাজাম মুনিরা

মাইগ্রেন এক ধরনের দীর্ঘমেয়াদি স্নায়বিক সমস্যা, যা সাধারণত মাথার এক পাশে বা উভয় পাশেই তীব্র ব্যথা হয়। এর সঙ্গে বমিভাব, বমি, আলো ও শব্দে অস্বস্তি এবং কর্মক্ষমতা কমে যেতে পারে।
মাইগ্রেন কেন হয়?
- বংশগত প্রবণতা
- মানসিক চাপ ও ঘুমের অনিয়ম
- দীর্ঘ সময় না খেয়ে থাকা
- হরমোনজনিত পরিবর্তন
- তীব্র শীত বা তীব্র রোদ
- তীব্র আলো ও শব্দও মাইগ্রেনের উদ্দীপক হিসেবে কাজ করতে পারে।
মাইগ্রেনে করণীয়
- ব্যথা শুরু হলে শান্ত, অন্ধকার ও নিরিবিলি ঘরে বিশ্রাম নিন।
- প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।
- অতিরিক্ত চা-কফি, মানসিক চাপ এড়িয়ে চলুন।
- নিয়মিত হালকা ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন ব্যথানাশক ওষুধ সেবন করবেন না।
- মাথাব্যথার সঙ্গে দৃষ্টিবিভ্রাট, হাত-পা অবশ হয়ে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
লেখক: মেডিকেল অফিসার, শেফা ডায়াগনস্টিক সেন্টার




