দূর থেকে দেশকে দেখা

ভিন্ন সংস্কৃতির মধ্যে বসবাস করলে বোঝা যায়, পৃথিবীকে দেখার অনেক পথ আছে। মানুষের জীবনযাপন ও চিন্তার ধরনও কত বিচিত্র। সম্পূর্ণ নতুন একটি পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা আমাকে আরও খোলা মনে চিন্তা করতে শিখিয়েছে। কোনো বিষয়কে আগে যেভাবে দেখতাম, এখন অনেক সময় সেটিকে অন্যদিক থেকেও দেখার চেষ্টা করি।
আমার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত কিংবা ইংরেজি ভাষার দক্ষতা যতই থাকুক, নতুন দেশে এসে সবকিছু নিজের মতো করে শুরু করা সহজ নয়। অপরিচিত পরিবেশে নতুন কিছু দক্ষতা অর্জন করতে হয় এবং ধীরে ধীরে পেশাগত অবস্থান তৈরি করতে হয়।
অস্ট্রেলিয়ার মতো একটি দেশে আসা আমার জন্য স্বপ্নের মতো ছিল। নতুন পরিবেশ থেকে ভালো কিছু অভ্যাসও শেখার সুযোগ হয়েছে। প্রথমদিকে শুধু পরিবেশটাকে চিনছিলাম, ধীরে ধীরে সেই পরিবেশের সঙ্গে আমার নিজেরও একটা সম্পর্ক তৈরি হতে শুরু করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ইতিবাচক মনোভাব এবং নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখা। শুরুতেই সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী হবে— এমনটা ভাবলে হতাশ হওয়ার আশঙ্কা থাকে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মানুষের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য। প্রযুক্তি ব্যবসা, স্বাস্থ্যসেবা, প্লাম্বিং সার্ভিসসহ বিভিন্ন পেশায় বাংলাদেশিদের দেখতে পাই
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মানুষের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য। চিকিৎসা, শিক্ষা, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা, স্বাস্থ্যসেবা, প্লাম্বিং সার্ভিস, ক্যাফে ব্যবসাসহ বিভিন্ন পেশায় বাংলাদেশিদের দেখতে পাই। শুধু চাকরি নয়, ব্যবসা ও বিভিন্ন সেবামূলক পেশাতেও অনেক বাংলাদেশি কাজ করছেন। নতুন জায়গায় ঘুরে দেখার স্মৃতিগুলো এখন আমার কাছে সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতাগুলোর একটি হয়ে আছে। তবে দূর থেকে বাংলাদেশকে দেখলে দেশের অনেক কিছুই নতুনভাবে উপলব্ধি করা যায়। দেশের নানা সমস্যা ও সীমাবদ্ধতা যেমন আরও স্পষ্ট হয়ে ওঠে, তেমনি মানুষের সুপ্ত শক্তি, পরিশ্রম, সহিষ্ণুতা এবং দ্রুত পরিবর্তনের বিষয়গুলোও অন্যভাবে চোখে পড়ে।
আমার কাছে মনে হয়েছে, কখনো কখনো দূরে যাওয়াও নিজের দেশকে নতুন করে দেখার একটি সুযোগ তৈরি করে। অস্ট্রেলিয়ায় এসে আমার লেখালেখির কাজ আরও সক্রিয় হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য গল্প, লেখা এবং পিকচার বুক নিয়ে কাজ করছি।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় আসার অভিজ্ঞতাকে আমি শুধু একটি দেশে এসে বসবাস শুরু করার ঘটনা হিসেবে দেখি না। এটি আমার জন্য নতুনভাবে জীবনকে দেখা, নতুন মানুষকে চেনা, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিজের চিন্তার জগৎকে আরও বিস্তৃত করার একটি সুযোগ।



