প্রকাশনা আমার চিত্তের পেশা

ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন
মফিদুল হক মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, লেখক, সাংস্কৃতিক সংগঠক, প্রকাশক। তার সঙ্গে আলাপ করেছেন দন্ত্যস রওশন।
মুক্তিযুদ্ধ জাদুঘরে আছি আমরা। কেমন লাগছে?
এ মুহূর্তে মুক্তিযুদ্ধ জাদুঘরে দাঁড়িয়ে আমরা কথা বলছি। এটি তো সবসময়ই আমার মন প্রসন্ন করার বিষয়। যখনই আমি এখানে আসি, নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয় যে, আমি এমন একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। এই জাদুঘর আমাদের সত্তা, আবেগের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত।
সেটি কীভাবে?
জাদুঘরের যাত্রা শুরু হয়েছিল খুব ছোটভাবে, ১৯৯৬ সালে সেগুনবাগিচায় এক ভাড়া বাড়ি নিয়ে। আমরা আটজন ট্রাস্টি (আলী যাকের, আসাদুজ্জামান নূর, সারা যাকের, ডা. সারওয়ার আলী, মফিদুল হক, রবিউল হুসাইন, আক্কু চৌধুরী ও জিয়াউদ্দিন তারিক আলী) আনুষ্ঠানিক অর্থে এর প্রতিষ্ঠাতা; প্রকৃত অর্থে নয়। যখন এই চিন্তাটিকে আমরা গ্রহণ করলাম, খুব ভালোভাবে জানতাম যে আটজন ট্রাস্টি মুক্তিযুদ্ধের জাদুঘর করতে পারবে না; যদি না সমাজ এগিয়ে আসে, এই উদ্যোগকে সমর্থন করে ও একে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে। সেটিই ছিল মানুষের কাছে আমাদের আবেদন। এরপর যে বিপুল সাড়া একেবারে সূচনাকাল থেকে আমরা পেয়েছি, তা আমাদের অভিভূত করেছে। আর বুঝিয়ে দিয়েছে, এই জাদুঘর আসলে জনগণের জাদুঘর। সেভাবেই এটি প্রতিষ্ঠিত হয়েছে, সেভাবেই বিকশিত হয়েছে এবং সেভাবেই এর কর্মকাণ্ড প্রসারিত হচ্ছে। এখানে বহু মানুষের বহু ধরনের অবদান আছে এবং এখনো তারা অবদান রেখে চলেছেন। তাদের অবদান বলে শেষ করা যাবে না। আমরা কেবল ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছি, একটি প্ল্যাটফর্ম হয়তো তৈরি করতে পেরেছি। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার অন্তরের তাগিদ নিয়ে এটি গড়ে তুলেছে। বিদেশে থাকা অনেক মানুষও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিল। কত ইতিহাস, কত ঘটনা নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। ফলে আমরা সৌভাগ্যবান যে, এরকম একটি কাজের ভাবনা গ্রহণ করে এর সূচনা করতে পেরেছিলাম। জনগণকে এর অংশীদার করতে পেরেছিলাম।
এই জাদুঘরের যাত্রা কীভাবে শুরু হলো?
আমরা ১৯৯৫ সালেই ট্রাস্টের সূচনা করলাম। তখন আমরা স্বাধীনতার ২৫তম বার্ষিকী পালন করব। আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। জাতীয় জাদুঘরও সেভাবে কিছু করেনি। লোকসমাজ থেকে কতক কাজ হয়েছিল, যেমন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা। আমরা নানা জায়গায় গিয়েছি ও দেখেছি, ছোট আকারে হলেও মানুষ নিজ তাগিদে স্মৃতি সংরক্ষণের কাজ করেছে। আমাদের মনে হয়েছিল, সরকারের কাছে দাবি জানাতে থাকলে আরও ২৫ বছর হয়তো চলে যাবে; কিন্তু কাজের কাজ তো হবে না। সেজন্য আমরা ছোট আকারেই সমাজের শক্তিতে যাত্রা শুরু করেছিলাম। দ্বার উদঘাটন হয়েছিল ২২ মার্চ ১৯৯৬।
সেদিনটির কথা মনে পড়ে?
খুব মনে পড়ে। ঢাকার সেগুনবাগিচায় উদ্বোধনের সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এটি একটি অদ্ভুত ঘটনা যে মেঘমুক্ত আকাশ ছিল। সেদিন আবার হরতাল ছিল। তার মধ্যেও অনেকে হেঁটে আসছেন, অনেকে ভ্যানে করে আসছেন। কীভাবে যেন খবর পেয়ে ব্রিটিশ হাইকমিশনার ডেভিড ওয়াকার এসেছিলেন। তারপর যখন জাতীয় পতাকা তোলা হবে এবং শিখা চিরন্তন প্রজ্বালন করা হবে আর জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়া হবে, তখন মুষলধারে বৃষ্টি নামল। সবাই সেই বৃষ্টিতে ভিজে কিন্তু গান করছেন, অন্তরের আকুতি নিয়ে জাদুঘরটি বরণ করছেন। তখনই আমাদের মনে হয়েছিল, এটি জাদুঘরের জন্য শুভযাত্রা। মানুষের ভালোবাসার মধ্য দিয়ে এক ঐশ্বরিক আশীর্বাদ যেন বৃষ্টি হয়ে জাদুঘরকে স্নাত করল।
জাদুঘরটি সেগুনবাগিচা থেকে আজকের আগারগাঁওয়ে কীভাবে এলো?
সেগুনবাগিচার সেই দোতলা বাড়ি ‘আনন্দ ভবন’ ১০০ বছর আগের একটি কলোনিয়াল আবাস। সেখানে ছোট ছোট ঘর; ঠিক জাদুঘর করার উপযুক্ত নয়। কিন্তু সেখানেই শুরু হলো। পরে আর্কাইভ করার একটা বিশাল চাহিদা দেখা দিল। কারণ অনেক স্মারক আমরা পাচ্ছিলাম, সেগুলো সংরক্ষণ করতে হবে, যথাযথভাবে ক্ষণাবেক্ষণ এবং উপস্থাপন করতে হবে। শুরুতে কিন্তু অতটা ভাবিনি আমরা, কাজে ঝাঁপ দিয়েছি। কিন্তু ক্রমে মনে হলো, একটি স্থায়ী জাদুঘর তো আমাদের খুব দরকার। এজন্য কিছু অর্থ সংগ্রহ করছিলাম। কোনো জায়গা পাওয়া যায় কি না, খুঁজছিলাম। তখন আমরা এই জায়গা পেলাম।
এই জাদুঘর আসলে জনগণের জাদুঘর। সেভাবেই এটি প্রতিষ্ঠিত হয়েছে, সেভাবেই বিকশিত হয়েছে এবং সেভাবেই এর কর্মকাণ্ড প্রসারিত হচ্ছে
জায়গাটি কীভাবে হাতে এলো?
তত্ত্বাবধায়ক সরকার মানে ফখরুদ্দীন আহমেদের শাসনের শেষ দিকে তারা জানাল, আগারগাঁওয়ে জাদুঘরের জন্য একটি জায়গা দিতে পারে। স্থপতিদের পরামর্শে এই প্লট বেছে নিলাম। এখানে দুটো খুব বড় পুকুর ছিল। তারপর তো সরকার বদল হলো। নতুন সরকার খুব দ্রুত এই জায়গার দলিল করে জাদুঘরকে দিল। সরকার থেকে বলা হয়েছিল, প্রতীকী মূল্যে আমাদের জায়গা দিতে পারে। কিন্তু আমরা এর মূল্য শোধ করেছিলাম এক কোটি ৬০ লাখ টাকা। এই টাকা আমাদের সঞ্চয় ছিল। পরে জাদুঘর নির্মাণে অর্থ সংগ্রহ শুরু করি। স্কুলের ছেলেমেয়ে থেকে শুরু করে করপোরেট প্রতিষ্ঠান থেকে আমাদের আর্থিক সাহায্য এসেছে। আমাদের লক্ষ্য ছিল এই জাদুঘর যেন জনগণের শক্তিতে নির্মিত হয়, সরকার-নির্ভরশীল যেন না হয়। সরকারের সহায়তা থাকবে অবশ্যই; কিন্তু সরকার ও জনগণের একটি পার্টনারশিপ যেন থাকে। স্থাপনা নকশার একটি প্রতিযোগিতা হয়েছে। পুরস্কৃত ডিজাইনটি করেছেন এক আর্কিটেক্ট দম্পতি, যাদের জন্ম মুক্তিযুদ্ধের পরে। নতুন প্রজন্ম যে মুক্তিযুদ্ধের স্পিরিট ধারণ করতে পারছে, তারই প্রতিফলন এই নকশা।
এবার ব্যক্তিগত প্রসঙ্গে আসি— আপনার স্কুলজীবন কোথায় শুরু হলো?
আমার শৈশব ছিল বিচিত্র। স্কুলজীবন নানা জায়গায় কেটেছে বাবার (মীর আশরাফুল হক) বদলির চাকরির সুবাদে। আমার জন্ম ১৯৪৮ সালের ১৩ ফেব্রুয়ারি নোয়াখালীতে।
আপনার পড়ালেখার শুরু?
বাবার বদলির সুবাদে ঢাকায় এসে আমরা প্রথমে লক্ষ্মীবাজারে থাকতে শুরু করি। নিচতলায় পুলিশের দপ্তর, ওপরতলায় কোয়ার্টার। উল্টোদিকে একরামপুর প্রাথমিক বিদ্যালয়, যেটির কথা আবার পরে সমরেশ বসুর স্মৃতিতে আমি খুঁজে পেলাম। সেখানে ঢাকার অনেক কথা আছে, এই বিদ্যালয়টিরও আছে। ওই স্কুলে খুব অল্প কদিন পড়েছি। কিন্তু স্কুলের কথাটি খুব মনে আছে।
তারপর কোথায় ভর্তি হলেন?
পুরান ঢাকারই সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। ওখানে তিন বছরের মতো পড়েছি। একটি অসাধারণ বিদ্যালয়। ১৯৫৮ সালের শেষ দিকে আমার পিতা বদলি হলেন ময়মনসিংহে। আমরা এসে ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হলাম। এই শহর তখন সংস্কৃতির দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ। ময়মনসিংহে যে জমিদার পরিবারগুলো ছিল, সেগুলোতে সমৃদ্ধ সংগীত চর্চা হত। ময়মনসিংহে সন্ধ্যা হলে আজানের ধ্বনি হতো, আরতির ঘণ্টা বাজত। আবার বিভিন্ন বাড়ি থেকে সেতারের টুংটাং শব্দ ভেসে আসত। ময়মনসিংহে ক্রিকেট খেলার বিশেষ চল ছিল। পণ্ডিতপাড়া ক্লাবের যে কাঠের প্যাভিলিয়ন ছিল, ওটা কাউন্টি ক্লাবের আদলে তৈরি; ইংল্যান্ডে যে ট্র্যাডিশনটা এখনো আছে। খেলা হতো একেবারে ক্রিকেটের সব রিচুয়াল মেনে। এভাবে একটি অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি।
সংস্কৃতির প্রতি আপনার আগ্রহ কীভাবে তৈরি হলো?
আমার বাবা খুব সংস্কৃতিমনা ছিলেন। তার মাধ্যমে এবং সাংস্কৃতিক পরিবেশ পেয়ে আমার আগ্রহ তৈরি হয়েছে। তখন বিজয় ভট্টাচার্য খুব নামকরা খেয়াল গায়ক। আমার বোনকে (দিলরুবা ইসলাম) তিনি শাস্ত্রীয় সংগীত শেখাতেন। ফলে বাড়িতেও সংগীতের সুর বয়ে বেড়াত।
ময়মনসিংহ থেকে কোথায় গেলেন?
চলে এলাম ফেনীতে। ফেনীও অসাধারণ সুন্দর একটি শহর ছিল। সেখানে দুই বছর, তারপর ব্রাহ্মণবাড়িয়া। সেখানে তিন বছর। ব্রাহ্মণবাড়িয়ায় যখন আমরা পড়ি, তখন বাবা বদলি হলেন ঢাকায়। এরপরই ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন অকালে। ফলে আমাদের পরিবারটি একটি বিপর্যয়ের মধ্যে পড়ে গেল। আমরা পাঁচ ভাই ও এক বোন। বড় সংসার নিয়ে মা-ই (জোবেদা হক) আমাদের আসলে বড় করেছেন। বাবাকে আমরা বেশিদিন তো পাইনি। কিন্তু তার ছায়াটা আমরা সবসময় অনুভব করি, যা মাথার ওপর আছে।
মাহবুব উল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ কবিতাটি কীভাবে আপনারা পেয়েছিলেন?
১৯৫২ সালে যখন ভাষা আন্দোলন হলো, আমি তখন চার বছরের। কাজেই খুব একটা স্মৃতি নেই ভাষা আন্দোলনের, পরে শুনেছি। তখন আমার বাবা এসবিতে (স্পেশাল ব্রাঞ্চ)। এলিস কমিশনে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এটি অনেক পরে আমি জেনেছি। সেখানে তিনি বলেছেন, তার পোস্টিং ছিল ঢাকা শহরের আরেকটা জায়গায়। তিনি গুলির শব্দ শুনেছেন। কয়টি গুলির শব্দ হয়েছে, তার সাক্ষ্য তিনি দিয়েছেন। এটি খুব গুরুত্বপূর্ণ ছিল। কেননা পুলিশ অস্বীকার করেছিল; বলেছিল, তারা গুলি করেনি। সেখানে পুলিশের কর্মকর্তা হয়ে তিনি আবার সাক্ষ্য দিয়েছেন— তিনি গুলির শব্দ শুনেছেন। একুশে ফেব্রুয়ারির পরে পুলিশ তো রেইড করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। সলিমুল্লাহ মুসলিম হলে রেইড করার সময় আমার বাবা কিছু লিফলেট পেলেন। সেগুলো দপ্তরে জমা দিয়েছেন; কিন্তু একাধিক কপি ছিল। একটি কপি নিয়ে এসে মাকে দিয়েছিলেন। বলেছিলেন, ‘এটি যত্ন করে লুকিয়ে রাখো।’ মা লুকিয়ে রেখেছিলেন। পরে আমার ফুফুকে মা দিয়েছিলেন। ভাষা আন্দোলনের এই লিফলেটটি হচ্ছে মাহবুব উল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ কবিতাটি। কবিতাটি হারিয়ে গিয়েছিল। স্বাধীনতার পর মাহবুব উল আলম চৌধুরী বিটিভির একটি সাক্ষাৎকারে সে কথা বলেছিলেন। আমার ফুফু এ কথা শুনে আমাকে বললেন, তুই এটি তাহলে দে ওনাকে। সেটি মাহবুব ভাইয়ের জন্য একটি বিরাট পাওয়া ছিল।
আপনি স্কুল শেষ করলেন কোথায়?
ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা মডেল মাল্টিলেটারাল হাই স্কুল (এখন অন্নদা সরকারি হাই স্কুল) থেকে। তারপর ঢাকা কলেজে পড়েছি। ১৯৬৫ সালে ঢাকায় এলাম। ঢাকা কলেজ তো একটি বিশাল জায়গা। তখন পূর্ব বাংলার জাতীয় আন্দোলন একটি রূপ নিচ্ছে এবং জাতীয় অধিকারের প্রশ্নগুলো সামনে আসছে, যেটি ছয় দফার মধ্য দিয়ে প্রকাশ পেল।
এ সময়ই কি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লেন?
কলেজে আমরা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম। কলেজজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্তির ফলে নানা কিছুর সঙ্গে আমার পরিচয় ও বিকাশ ঘটেছে। ঢাকা কলেজে শওকত ওসমান স্যার আমাদের পড়ান। মোহাম্মদ নোমান স্যার ইংরেজি পড়ান। এদিকে নিউ মার্কেটে বইয়ের দোকানে ঘুরঘুর করতাম। নলেজ হোমে পত্রপত্রিকা, বই পাওয়া যায়। বিদেশি বইয়ের জন্য মহিউদ্দিন অ্যান্ড সন্স ছিল। তারা খুব নির্বাচিত বই আনতেন। ঢাকা স্টেডিয়ামেও বইয়ের দোকান ছিল। তবে অনেক বেশি ঝুঁকে পড়েছিলাম ছাত্রসংগঠনের কাজে, সংকলন প্রকাশ ও একুশে উদযাপন— এসব নিয়ে।
মুক্তিযুদ্ধের সময় আপনি কী করছিলেন, কোথায় ছিলেন?
২৫ মার্চে আকস্মিক ও সর্বাত্মক আক্রমণের পর কমিউনিস্ট পার্টির নির্দেশে সবাই জড়ো হই নরসিংদীর নিলক্ষ্যা গ্রামে। এরপর সবাই সীমান্ত পেরিয়ে চলে যান আগরতলা। আমরা চার-পাঁচজন ফিরি রুদ্ধশ্বাস ঢাকা শহরে, পার্টির গোপন নেটওয়ার্ক সংগঠনে ও ভবিষ্যৎ প্রতিরোধ যোদ্ধাদের সাহায্যের জন্য। মনে পড়ে, সবাই যখন ঢাকা শহর ছেড়ে পালাচ্ছে, আমরা তখন ফিরছি ঢাকায়। দিনটি ছিল পহেলা বৈশাখ। আমাদের সঙ্গে ছিলেন অনুজ নিজামউদ্দিন আজাদ। পরে নভেম্বরে বেতিয়ারার যুদ্ধে তিনি শহীদ হন।
আপনার বই পড়া শুরু হলো কীভাবে?
বাল্যকাল থেকেই। বাবাও চাইতেন, আমরা পরিবারে বই পড়ি। পরিবার আর স্কুল— দুটো মিলেই এই অভ্যাস গড়ে উঠেছে। ছোটবেলা থেকে মা-ও একটু প্রশ্রয় দিতেন। যেমন পূজা সংখ্যা যখন বেরোত, সেটি কেনার চেষ্টা করতাম। পূজা সংখ্যা মানে শিবরামের গল্প। সেখানে বিভিন্ন ইলাস্ট্রেশন, গল্প; তার সঙ্গে দেব সাহিত্য কুটিরের বইগুলো পড়তাম। ঢাকায় ‘আলপনা’ বলে একটি পত্রিকা বেরোত। প্রকাশক-সম্পাদক ছিলেন বাবার বন্ধু। মাঝেমধ্যে বাবা নিয়ে যেতেন। তিনি আবার কিছু পুরনো সংখ্যা একত্র করে দিয়ে দিতেন। আমাদের বিদ্যালয়ে বই পড়ার ক্লাস থাকত। শিক্ষকরা আলাদা করে বই পড়তে দিতেন। স্কুলে পড়ার সুবিধা হলো বন্ধুবান্ধবের সঙ্গে সেটি নিয়ে কথা হতো, বইয়ের বিনিময় হতো।
লেখালেখি কখন শুরু হলো?
আমি লেখক হতে চাইনি, পাকেচক্রে লেখক হলাম। লেখালেখির ক্ষেত্রে নিজেকে সৌভাগ্যবান বলব এজন্য, বাংলাদেশের অনেক মহান লেখকদের সান্নিধ্য ও স্নেহ পেয়েছিলাম। আমার সরাসরি শিক্ষক শওকত ওসমান স্যার। পরে তো শওকত স্যারের সঙ্গে আরও অনেক ঘনিষ্ঠ হলাম। শামসুর রাহমান, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হকের সঙ্গে আমার ভালো সংযোগ ছিল। তারপর মাহমুদুল হক। অনেক নাম তো। আর স্বাধীনতার পর দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় ও শঙ্খ ঘোষের স্নেহ পেলাম। ফলে এমন একটি বৃত্তে সব বড় মানুষের সান্নিধ্যে লেখকসত্তা সম্পর্কে জেনেছিলাম এবং নিজের সীমাবদ্ধতাও বুঝেছিলাম।
প্রকাশক হলেন কবে?
প্রকাশনার সঙ্গে সম্পর্ক শুরু হলো ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, বামপন্থী রাজনীতি— এসবের মধ্য দিয়েই। আর এসব করতে করতে কীভাবে যে প্রকাশক হয়ে গেলাম ১৯৭৩ সালে, স্বাধীনতার পর। ছাত্রজীবন শেষ করে যেহেতু বইপত্র পড়ার একটি আগ্রহ ছিল, সেখান থেকে প্রকাশক (প্রথমে জাতীয় সাহিত্য প্রকাশনী ও পরে সাহিত্য প্রকাশ) হলাম। প্রকাশনা আমার কাছে সবসময়ে মনে হয়েছে চিত্তের পেশা। যদি কেউ প্রশ্ন করে আপনার পেশা কী? আমি বলি, আইডিয়া কেনা এবং বেচা। লেখকের পাণ্ডুলিপি হচ্ছে তার ভাবনার আধার, আইডিয়া। সেটি সম্পাদিত করে উপযুক্তভাবে পাঠকের হাতে তুলে দেওয়া প্রকাশকের কাজ, যে কাজ আমার জন্য আনন্দদায়ক হয়েছে। তবে প্রকৃত পাঠকের বৃত্ত আমাদের দেশে এখনো খুব সীমাবদ্ধ, সেটি পীড়াদায়ক। এমনটি হওয়ার কথা ছিল না। বিশ্বের নানা ধরনের লেখালেখি পাঠে একটি বিষয় সবসময় বুঝে উঠতে পেরেছি যে লেখার মান বলতে কী বোঝায়। আমাদের মহৎ লেখকরাও সেই মানটা অব্যাহত রেখেছেন। সে কারণে মনে হতো, নিজের এই ক্ষুদ্র সামর্থ্য নিয়ে লেখালেখির চেষ্টা না করাই ভালো।
আপনি সাহস করতে পারছিলেন না যে আমি লিখব কি লিখব না?
হ্যাঁ, সেটিই। তারপর দেখা গেল, নানাভাবে আমার বিশাল এক অভিজ্ঞতার ভাণ্ডার জমা হয়েছে। আর রাজনৈতিক দর্শনের কারণেও মনে হয়েছে যে কিছু কিছু লেখালেখি করা প্রয়োজন। এখনো আমি নিজের লেখা সম্পর্কে নিজে জানি, এগুলোতে কেজো লেখা অনেক বেশি। তবে চেষ্টা করেছি সবসময় লেখার প্রতি সৎ থাকতে, ভাষার প্রতি যত্নবান হতে এবং সর্বোপরি চেয়েছি বিষয় যেন নতুন চিন্তা ও ভাবনা প্রকাশ করতে পারে। অনেকভাবে মাহমুদুল হকের কাছে শিখেছি, আখতারুজ্জামান ইলিয়াসকে দেখেছি, শামসুর রাহমান তো বটেই; দেখেছি যে ভাষার প্রতি তারা কত যত্নবান। লেখার ক্ষেত্রে এটি সবসময় রক্ষার চেষ্টা করেছি যে ভাষা কোনো হেলাফেলা করার বিষয় নয়।
আপনার ব্যক্তিগত জীবন?
আমি বিয়ে করেছি ১৯৭৭ সালের ২ অক্টোবর। আমার স্ত্রী সীমা মোসলেম বাংলাদেশ মহিলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক।
(২ নভেম্বর ২০২৬, মুুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা)





