খান মুহম্মদ মৃধার মসজিদ

লালবাগ দুর্গের পশ্চিম দিকে একটি উঁচু বেদির ওপর খান মুহম্মদ মৃধা এই অসাধারণ মসজিদটি নির্মাণ করেন। যে বিশালকার ভিত্তির ওপর মসজিদটি নির্মিত তার আয়তন ১২৫×১০০ ফুট এবং উচ্চতা ১৬.৫ ফুট। এ মসজিদটি শায়েস্তা খাঁর আমলের একটি বৈচিত্র্যপূর্ণ নিদর্শন। এ মসজিদটি উত্তর-দক্ষিণে লম্বা আয়তনে ৪৮×২৪ ফুট।
মসজিদের চারকোনায় চারটি অষ্টকোনাকৃতির এবং ক্রমেই সরু হয়ে যাওয়া বুরুজ নির্মিত হয়।
বাল্ব আকৃতির গম্বুজ, চারকেন্দ্রিক অর্ধগম্বুজাকৃতির অ্যালকভ খিলানের আকৃতির, প্লাস্টার অলংকরণ, কৌণিক খিলান, তিনটি প্রবেশপথ এবং পশ্চিম প্রাচীরে তিনটি অলংকৃত অবতল মিহরাব আছে। কেন্দ্রীয় গম্বুজের দুই পাশে ছোট গম্বুজ আছে এবং গম্বুজগুলো ড্রাম মার্লন দ্বারা অলংকৃত।
আর্কিওলজির তালিকাভুক্ত স্থাপত্য হওয়া সত্ত্বেও স্থানীয় মুসল্লিরা তাদের ইচ্ছামতো সংস্কার করে এবং নকশার সৌন্দর্য নষ্ট করে দেয়। খান মুহম্মদ মৃধা হিজরি ১১১৬ বা ১৭০৪-০৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে এ মসজিদটি নির্মাণ করেন।
তথ্য ও ছবি: বাবু আহমেদবাবু আহমেদ




