কয়েক লাখের ব্রেইল প্রিন্টার ২৮ হাজারে

ব্রেইল প্রিন্টার হাতে নিয়ে সৌরভ তরফদার
এই উদ্যোগের শুরু অনেক আগে। ২০০৫ সালে স্বল্প ব্যয়ে বাংলা ব্রেইল প্রিন্টার তৈরির সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসানউল্লাহ। পরে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে বাংলা ব্রেইল প্রযুক্তি নিয়ে গবেষণা করেন তিনি। এ নিয়ে একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়। তাত্ত্বিক ধারণাটি ব্যবহারযোগ্য যন্ত্রে রূপ নেয় অধ্যাপক ড. মুহাম্মদ আহসানউল্লাহর নির্দেশনায় চুয়েটের ‘সিঙ্ক রোবোটিকস’ দলের হাতে। তারা সাত মাসে তৈরি করেন ব্রেইল প্রিন্টার। নাম ‘সিঙ্ক ভি-১’। দলের নেতৃত্বে ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ তরফদার। তার সঙ্গে ছিলেন পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফাজ হোসেন এবং পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের ইমাম রশিদ।
সাত মাসের চেষ্টায় তারা তৈরি করেন ব্রেইল প্রিন্টার।
প্রিন্টারটির নিজস্ব সফটওয়্যারে বাংলা বা ইংরেজি লেখা ইনপুট দিলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্রেইল সংকেতে রূপান্তর হয়। কাগজ প্রবেশ করালে সঙ্গে সঙ্গে সেটি ব্রেইল বিন্দুতে ছেপে দেয়। কম্পিউটারে টাইপ করা ছাড়াও পিডিএফ, ওয়ার্ডসহ বিভিন্ন ফাইল সরাসরি প্রিন্ট নেওয়া যায়। সাধারণ প্রিন্টারে কালি দিয়ে কাগজে লেখা হয়।
ব্রেইল প্রিন্টারের কাজের ধরন যান্ত্রিকভাবে আলাদা। এখানে ছয়টি বিন্দুর বিভিন্ন সমাবেশে একেকটি বর্ণ প্রকাশ পায়। স্পর্শে পড়তে হয় বলে প্রতিটি বিন্দুর দূরত্ব ও উচ্চতা নির্দিষ্ট মাপে রাখা জরুরি। এখানেই সাধারণের সঙ্গে ব্রেইল প্রিন্টারের বড় পার্থক্য। চুয়েটের ছাত্র-শিক্ষকের তৈরি প্রিন্টারটি আকারে ছোট, তাই সঙ্গে রাখা সম্ভব। সফটওয়্যার উন্নত করা হলে অন্য ভাষাতেও এটি ব্যবহার করা যাবে। ভবিষ্যতে মোবাইল অ্যাপের মাধ্যমে ভয়েস ইনপুট যুক্ত করা হবে, এর ফলে কথা বললেই লেখা সরাসরি টাইপ হয়ে যাবে। কি-বোর্ড যুক্ত করার পরিকল্পনাও রয়েছে তাদের। এসব সুবিধা এলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি নিজেই লেখা সম্পাদনা করে প্রিন্ট দিতে পারবেন।
দেশে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার অন্যতম বাধা প্রয়োজনীয় উপকরণের অভাব ও উচ্চমূল্য। ব্রেইল বই ও তা তৈরির যন্ত্র সহজে পাওয়া যায় না। বিদেশে তৈরি ব্রেইল প্রিন্টারগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অধ্যাপক ড. আহসানউল্লাহ জানালেন, বাজারে প্রচলিত ব্রেইল প্রিন্টারগুলোর দাম আড়াই থেকে তিন হাজার ডলার (প্রায় তিন থেকে চার লাখ টাকা)। কোনো কোনো প্রিন্টারের দাম ছয়-সাত হাজার ডলার বা তারও বেশি। কোন কোম্পানি তৈরি করছে, তার ওপর দাম নির্ভর করে। বিদেশি প্রিন্টারের কয়েক হাজার ডলারের বিপরীতে মাত্র ২৮ হাজার টাকা খরচে তৈরি করা হয়েছে ‘সিঙ্ক ভি-১’। কম খরচে দেশেই এই প্রিন্টার নিয়মিত তৈরি করা হলে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই ও শিক্ষার উপকরণ আরও সহজলভ্য হবে।
চুয়েটের ব্রেইল প্রিন্টারটি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী সিদ্ধার্থ মিস্ত্রী বললেন, ‘আমার এটি ব্যবহার করার অভিজ্ঞতা বেশ ভালো। আগে বিভিন্ন নোট তৈরি করতে বেশ ভোগান্তি পোহাতে হতো। তবে এই প্রিন্টারের মাধ্যমে কাজটি অনেক সহজ হয়েছে।’ আরেক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাস বললেন, ‘প্রিন্টারটি বাজারজাত করা হলে আমাদের জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। আশা করি, ভবিষ্যতে এটিকে আরও সহজলভ্য ও ব্যবহারবান্ধব করা হবে, যাতে মোবাইল ফোনের মাধ্যমেও সহজে লেখা প্রিন্ট করা যায়।’
‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে এই ব্রেইল প্রিন্টার। এটির নির্মাতা দল ৮ থেকে ১১ ডিসেম্বর ‘এপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মনোনীত হয়েছে। দলনেতা সৌরভ বললেন, ‘আমাদের এই কাজ একটি প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সম্পন্ন হয়েছে। আমরা প্রিন্টারটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু শিক্ষার্থী হিসেবে আমাদের পক্ষে গবেষণাটিকে পণ্য পর্যায়ে নিয়ে বাজারজাত করা কঠিন। আর্থিক পৃষ্ঠপোষকতা ও সঠিক অংশীদার পেলে আমরা একে আরও উন্নত করে উৎপাদনের পর্যায়ে নিতে পারব।’



