গবেষণার বিষয় রাসপূর্ণিমা

সুন্দরবনের দুবলার চরের রাসপূর্ণিমার একটি মণ্ডপ
আজ থেকে সুন্দরবনে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। তবে এ আয়োজন ঘিরে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী রাসমেলা এবারও অনুষ্ঠিত হচ্ছে না। কেননা জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ২০২১ সাল থেকে স্থায়ীভাবে রাসমেলা বন্ধের নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। মেলা বন্ধ থাকলেও এ সময় পূর্ণিমার চাঁদে সুন্দরবনের নদী-খাল রুপালি আলোয় ভরে যায়। দূর-দূরান্ত থেকে নৌকার সারি এসে ভেড়ে দুবলার চরে। তাতে থাকেন সনাতনী সম্প্রদায়ের হাজারো মানুষ। কারও মনে পুণ্যের আশা, কারওবা মানত। তিন দিনের জন্য জনমানবহীন দুবলার চর হয়ে ওঠে এক অস্থায়ী জনপদ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের তিন গবেষক মেহরাব হোসেন, মো. তানভীর হোসেন ও তানভীর আহমেদ সোহেল রাসপূণির্মা নিয়ে একটি গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, প্রতি বছর প্রায় ৩০ থেকে ৫০ হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী এখানে আসেন। যাতায়াতের একমাত্র পথ নৌকা। রাসপূর্ণিমার আচারগুলো চলে নির্দিষ্ট ক্রম মেনে। শুরুতে বনবিবির পূজা, তারপর সন্ধ্যা পূজা ও প্রসাদ বিতরণ। রাতে চলে কীর্তন ও ধর্মীয় নাটক। সবশেষে গঙ্গা পূজা এবং সাগরে পুণ্যস্নান। ভোরের আলো ফোটার আগেই স্নানার্থীরা নেমে পড়েন জলে; ফুল ভাসিয়ে মনে মনে প্রার্থনা করেন। সাগরের ঢেউ যদি সেই ফুল ফিরিয়ে দেয়, মানুষ মনে করে প্রার্থনা কবুল হয়েছে। আর ঢেউয়ের সঙ্গে যদি প্লাস্টিক কিংবা আবর্জনা ফিরে আসে, তবে ধরা হয় প্রার্থনা ফেরত গেছে।
গবেষক মেহরাব, তানভীর ও সোহেল গবেষণার সূত্রে দাকোপ, মোংলা ও শরণখোলার স্থানীয় বাসিন্দা, আয়োজক, জেলে, বন কর্মকর্তা, এনজিওকর্মীসহ ১১টি গোষ্ঠীর ২৭ জনের সঙ্গে কথা বলেছেন। এরপর তারা সিদ্ধান্তে পৌঁছেছেন, হাজার হাজার মানুষের পদচারণায় নদীতে জমে প্লাস্টিক বর্জ্য। পর্যাপ্ত টয়লেটও নেই। ফলে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়। সমাজবিজ্ঞানী রবার্ট মার্টন যাকে বলেছেন ‘ডিসফাংশন’, অর্থাৎ যে ব্যবস্থা সমাজকে এক করে, সেটিই অন্যদিকে ক্ষতিও ডেকে আনে, এখানে তা-ই ঘটছে।
রাসপূণির্মার লাভ পরিবহন মালিকদের পকেটে যায়; কিন্তু দূষণের দাম দেন বনের ওপর নির্ভরশীল প্রান্তিক জেলেরা। প্লাস্টিক তাদের জালে আটকে যায়, মাছের আবাস নষ্ট হয়। যাদের জীবিকা এই বনের ওপর, মেলার আনন্দ তাদের জন্যই হয়ে ওঠে হুমকি।
বন বিভাগ পরিবেশ রক্ষার চেষ্টা করে; কিন্তু লোকবলের অভাবে বিশাল জনসমুদ্র আর বর্জ্য তারা সামলাতে পারে না। ফলে বনের আইনি শাসন আর পুণ্যার্থীদের উৎসবের মধ্যে টানাপড়েন থেকেই যায়।
তবু পরিবর্তনের আভাস আছে। একসময় বনে ঢোকার সময় হরিণের মাংস খাওয়াকে সৌভাগ্যের চিহ্ন মনে করা হতো। সচেতনতা বাড়ায় আজ সেই চর্চা েনই। এটি প্রমাণ করে, বিশ্বাস বদলানো সম্ভব, যদি সঠিক বার্তা সঠিকভাবে পৌঁছায়।
তিন গবেষক রাসপূর্ণিমাকে আরও পরিবেশবান্ধব করার প্রস্তাব দিয়েছেন। প্রাঙ্গণে লাউডস্পিকার নিষিদ্ধের পাশাপাশি জলবায়ু, মাটি, ভূপ্রকৃতি এবং উদ্ভিদ ও প্রাণিকুলের সঙ্গে মিলিয়ে একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র তৈরি করতে বলেছেন তারা। এ ছাড়া দর্শনার্থীদের সচেতন করতে স্থানীয় যুবকদের নিয়ে ‘ইকো অ্যাম্বাসাডর’ কর্মসূচি চালুর প্রস্তাবও দিয়েছেন। প্রতি ৫০ জনের জন্য অন্তত একটি অস্থায়ী টয়লেট বসানো এবং নদীতে বর্জ্য ফেলা কঠোরভাবে নিষিদ্ধ করা— এগুলো গবেষকদের অন্যতম সুপারিশ। এর সঙ্গে তারা বলছেন প্লাস্টিকের বদলে পচনশীল প্যাকেজিং ব্যবহার করতে। আরও জানিয়েছেন, সবচেয়ে জরুরি হলো বন বিভাগ, স্থানীয় জনগোষ্ঠী, আয়োজক কমিটি ও এনজিওগুলোর সমন্বিত উদ্যোগ।




