যে শহরে থাকে না কেউ

একটি উপত্যকাজুড়ে বিস্তৃত কায়াকয় শহরটি। ছবি: সিএনএন
একসময় যেখানে ছিল অন্তত ১০ হাজার মানুষের বসতি। ছিল সরগরম বাজার, স্কুল, গির্জা আর পথঘাট। এখন সেখানে দেখা মেলে না মানুষের। ধসে পড়েছে বাড়িগুলোর ছাদ, গাছপালা জন্মেছে দেয়ালে। প্রকৃতির গ্রাসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একসময়ের ব্যস্ত জনপদ। এক শতাব্দীরও বেশি সময় ধরে জনশূন্য পড়ে থাকা তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশে এই শহরের নাম কায়াকয়।
পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা অসংখ্য ভাঙাচোরা বাড়ি, আঁকাবাঁকা পথ, প্রাচীন পানির ফোয়ারা আর পাহাড়চূড়ার গির্জা মিলে জায়গাটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। নীল এজিয়ান সাগরের বিস্তৃত দৃশ্যও এখানকার আকর্ষণ বাড়িয়েছে। গ্রীষ্মের রোদেলা দিনেও জায়গাটিতে একধরনের অস্বস্তিকর নীরবতা বিরাজ করে। শীতল মৌসুমে পাহাড় ও সমুদ্রের কুয়াশায় ঢেকে গেলে পরিবেশটি আরও রহস্যময় হয়ে ওঠে।
তুরস্কের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এ শহরটি। এক শতাব্দীরও আগে কায়াকয় ছিল গ্রিক অর্থোডক্স খ্রিষ্টানদের একটি সমৃদ্ধ জনপদ। এখানে অন্তত ১০ হাজার মানুষের বসবাস ছিল। তাদের বেশির ভাগই ছিলেন কারুশিল্পী। আশপাশের এলাকায় বসবাসকারী মুসলিম তুর্কি কৃষকদের সঙ্গে মিলে কাটাতেন শান্তিপূর্ণ জীবন। কিন্তু স্বাধীন তুরস্কের জন্মের সময় রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত সেই শান্তি কেড়ে নেয়।
১৯২২ সালে গ্রিক-তুর্কি যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে বাড়ে উত্তেজনা। এর জেরে দুই দেশই অন্য দেশের সঙ্গে সম্পর্কযুক্ত জনগোষ্ঠীকে সরিয়ে দেয় নিজ নিজ ভূখণ্ড থেকে। এর অংশ হিসেবে কায়াকয়ের গ্রিক অধিবাসীদের চলে যেতে হয়। তাদের জায়গায় গ্রিসের বর্তমান মেসিডোনিয়া ও থ্রেস অঞ্চলের কাভালা থেকে মুসলিম তুর্কিদের নিয়ে আসা হয়। এটি ছিল দুই দেশের মধ্যে বাধ্যতামূলক জনবিনিময় কর্মসূচির অংশ।
তবে নতুন আসা মুসলিমদের অনেকেই কায়াকয়ে থাকতে চাননি। দ্রুত অন্যত্র চলে যান তারা। এরপর ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে শহরটি। একসময় জনবহুল জনপদটি পরিণত হয় ধ্বংসস্তূপে।
কায়াকয়ের প্রধান প্রবেশপথের কাছে একটি ছোট খাবারের দোকান চালায় আয়সুন একিজের পরিবার। পর্যটকেরা শহরটি ঘুরে দেখতে এলে সেখানে বিশ্রাম নেন, খাবার খান। একিজ এখন হাতে তৈরি গয়না বিক্রি করেন। তার দাদা-দাদিরা ছিলেন এই শহরের অল্প কয়েকটি পরিবারের সদস্য, যারা জনবিনিময়ের পরও সেখানে থেকে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। পূর্বপুরুষদের কাছে থেকে সেই কঠিন সময়ের গল্প শুনেছেন তাদের পরিবারের সদস্যরা।
একিজ বলেন, ‘গ্রিকরা কাঁদছিলেন। তারা কিছুতেই চলে যেতে চাইছিলেন না। আমার দাদা-দাদি আমাকে এমনটাই বলেছিলেন। কেউ কেউ তাদের সন্তানদের তুর্কি বন্ধুদের কাছে রেখে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন, আবার ফিরে আসবেন। কিন্তু আর কখনো ফেরা হয়নি।’
একিজ জানান, তার দাদা-দাদির পরিবার ছিল রাখাল। শহরের প্রান্তে বসবাস করায় নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদের খুব একটা অসুবিধা হয়নি। তবে অন্য অনেকেই কায়াকয়ে থাকতে চাননি। এর একটি কারণ ছিল বাড়ির দেয়ালের নীল রং। কথিত আছে, বিচ্ছু বা সাপ দূরে রাখতে বাড়িগুলোর দেয়ালে নীল রং করা হতো। নতুন বাসিন্দাদের অনেকের কাছে এই রং পছন্দ হয়নি।
কায়াকয়ের প্রায় আড়াই হাজার বাড়ির যেসব দেয়াল এখনো টিকে আছে, সেগুলোর কোথাও কোথাও নীল রঙের চিহ্ন দেখা যায়। তবে দীর্ঘদিন প্রকৃতির প্রতিকূলতায় পড়ে থাকায় বাড়িগুলোর বেশির ভাগ সাজসজ্জাই হারিয়ে গেছে। তারপরও ধ্বংসাবশেষগুলোতে একসময়কার জৌলুস ধরা পড়ে এখনও।
গবেষকদের মতে, ১৯২০-এর দশকের মর্মান্তিক ঘটনাগুলোর পর শহরটিতে একধরনের বিষণ্নতা ছড়িয়ে পড়ে। সেই বেদনাও হয়তো মানুষকে জায়গাটি ছেড়ে যেতে প্রভাবিত করেছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ শহরটির অবকাঠামো ধ্বংসে বড় ভূমিকা রেখেছে।
বর্তমানে কায়াকয়ে প্রবেশের জন্য প্রধান সড়কের পাশে একটি ছোট টিকিট কাউন্টার থেকে তিন ইউরো দিতে হয়। এরপর হেঁটে ঘুরে দেখা যায় শহরের উঁচু-নিচু সরু পথ ও গলিগুলো। প্রবেশপথে থাকা নির্দেশক ফলকে স্কুল, গির্জা ও পানির ফোয়ারার অবস্থান দেখানো হয়েছে।
পুরো শহর ঘুরে দেখতে অন্তত দুই ঘণ্টা সময় হাতে রাখা ভালো। ব্যস্ত মৌসুমে মাঝেমধ্যে পর্যটকদের দল এলেও বেশির ভাগ সময় জায়গাটি নিরিবিলি থাকে। তখন একা একা ঘুরে বেড়ানো যায়। চোখ বন্ধ করলে কল্পনা করা যায়, একসময় এখানে কত মানুষের আনাগোনা ছিল। বিশেষ করে পুরোনো শহরের চত্বরে স্থানীয় পুরুষেরা একসময় জড়ো হতেন। চা পান করতেন, গল্প করতেন।
পরিত্যক্ত হওয়ার আগের শতাব্দীতে তৈরি বাড়িগুলোর বেশির ভাগেরই ছাদ আর নেই। দেয়াল ধসে পড়েছে। ভাঙা অংশের ফাঁকে ফাঁকে জন্মেছে নানা গাছপালা। কিছু বাড়ির নিচতলায় এখনো গর্ত দেখা যায়। একসময় চামড়া প্রক্রিয়াজাত করার কাজে এসব গর্ত ব্যবহার করা হতো। এখানে জুতা তৈরির কাজও প্রচলিত ছিল।
অনেক বাড়িতে এখনো পানির ট্যাংক বা জলাধার অক্ষত রয়েছে। পাইপলাইনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও অন্যান্য উৎস থেকে পাওয়া পানি জমিয়ে রাখার জন্য এগুলো ব্যবহার করা হতো।
একিজ বলেন, ‘গাধার পিঠে করে পানীয় জল নিয়ে আসা হতো।’ তিনি আরও জানান, যথাযথ পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় বাসিন্দারা পুরোনো কাপড় কেটে শৌচকাজে ব্যবহার করতেন। পরে সেসব কাপড় জ্বালানি হিসেবে পোড়ানো হতো অথবা বাগানে সার হিসেবে ছড়িয়ে দেওয়া হতো।
এত সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কায়াকয় ছিল তুলনামূলক সমৃদ্ধ। একিজের ভাষ্য, একসময় এটি ছিল এলাকার প্রধান বাণিজ্যকেন্দ্র। কাছের বন্দরনগরী ফেতিয়েকেও বাণিজ্যে ছাড়িয়ে গিয়েছিল শহরটি। অথচ বর্তমানে ফেতিয়ে একটি ব্যস্ত নগরকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটনস্থল।
একসময় ঘনিষ্ঠ সামাজিক বন্ধনে আবদ্ধ ছিল কায়াকয়ের বাসিন্দারা। তবে বাড়ি তৈরির ক্ষেত্রে তারা ব্যক্তিগত পরিসরের বিষয়টিও গুরুত্ব দিতেন। একিজ বলেন, ‘প্রতিটি বাড়ি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে পাশের বাড়ির কারণে কারও ঘরে সূর্যের আলো আসতে বাধা না পায়।’
শহরের উল্লেখযোগ্য স্থাপনাগুলোর একটি হলো গির্জা। বিবর্ণ গোলাপি রঙের দেয়াল আর বাঁকানো ছাদের বিশাল এই স্থাপনাটি এখনো নজর কাড়ে। তবে জরাজীর্ণ অবস্থার কারণে এর ভেতরে প্রবেশ নিষিদ্ধ। বিভিন্ন দিক থেকে গির্জাটির কিছু অংশ দেখা যায়।
শহরের ভেতরের উঁচু স্থানে পুরোনো বিদ্যালয়ের ধ্বংসাবশেষ রয়েছে। সেখান থেকে নিচের বাড়িঘর ও প্রধান গির্জার দৃশ্য দেখা যায়। ভবনটির ওপরের একটি খুঁটিতে এখন উড়ছে তুরস্কের জাতীয় পতাকা।
তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ছুটি কাটাতে আসা ইয়িগিত উলাশ ওজতিমুর কায়াকয়কে বলেছেন, ‘আমাদের অতীতের এক অন্ধকার আয়না।’
তিনি বলেন, ‘একসময় এটি ছিল খ্রিষ্টানদের গ্রাম। এখন আমরা যা দেখছি, তা সেই সময়ের ঘটনাগুলোর এক বেদনাদায়ক প্রতিচ্ছবি। বেশির ভাগ ভবন এখনো টিকে আছে। তাই এখানে দাঁড়ালে বোঝা যায়, একসময় মানুষের জীবন কেমন ছিল।’
আশপাশের জনপদ থেকে কায়াকয়ের ভেতর দিয়ে বেশ কয়েকটি চিহ্নিত হাঁটার পথ গেছে। তবে শহরের সরু গলিতে ঘুরতে গিয়ে পথ হারানো কঠিন নয়। কোনো কোনো গলি গিয়ে শেষ হয়েছে বন্ধ জায়গায়। অনেক বাড়ির দরজা ও সিঁড়ি এখনো দাঁড়িয়ে আছে। সেগুলো ভেতরে যাওয়ার হাতছানি দেয়। তবে ভবনগুলোর জরাজীর্ণ অবস্থার কারণে পর্যটকদের ভেতরে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়।
শহরের অন্য পাশের উপত্যকা পেরিয়ে ছোট গির্জাটির দিকেও যাওয়া যায়। আঁকাবাঁকা পথ ধরে কিছুটা ওপরে উঠতে হয়। শেষ কয়েক মিটার পাথর আর পাইনগাছের মধ্য দিয়ে খাড়া পথে উঠতে বেশ কষ্ট হয়। তবে পাহাড়ের চূড়ায় পৌঁছালে খুলে যায় চারপাশের দৃশ্য।
যারা একসময় এখানে বসবাস করতেন, তাদের সংস্কৃতির ছাপ রয়েছে ছোট গির্জাটিতে। গ্রিসের দ্বীপগুলোতে গ্রাম পাহারা দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় যেসব ছোট গির্জা দেখা যায়, এটি অনেকটা সেরকম। গম্বুজাকৃতির ছাদ, ছোট ছোট জানালা আর সাধারণ নির্মাণশৈলীর ভবনটির ভেতরে এখন কিছুই নেই।
গির্জাটির ওপরেও উড়ছে তুরস্কের লাল পতাকা। নিচে ঘন সবুজে ঢাকা পাহাড়ের ঢাল পেরিয়ে দেখা যায় ঝলমলে এজিয়ান সাগর। দৃশ্যটি অসাধারণ। একসময় যখন কায়াকয় মানুষের কোলাহলে মুখর ছিল, তখনও হয়তো এই দৃশ্যের খুব বেশি পরিবর্তন হয়নি।
সিএনএন থেকে অনূদিত










