হংকংয়ে ছুরি হামলায় অভিযুক্ত যুবক ‘বাংলাদেশি’ নন

ছবি: আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দাবি করে একটি পোস্ট দেওয়া হয় যে, এক "বাংলাদেশী মুসলিম অভিবাসী" হংকংয়ে নির্দোষ মানুষের ওপর ছুরি নিয়ে হামলা চালাতে শুরু করেছে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। অভিযুক্ত ব্যক্তির ওপর মিথ্যাভাবে এমন একটি জাতীয়তা আরোপ করা হয়েছে, যা কর্তৃপক্ষ বা স্থানীয় নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।
আসল ঘটনা ও গণমাধ্যমের প্রতিবেদন
কী-ফ্রেম অনুসন্ধানের মাধ্যমে এই ঘটনাটির সত্যতা যাচাই করতে গিয়ে আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম—‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ (South China Morning Post), ‘দ্য স্ট্যান্ডার্ড’ (The Standard), ‘এশিয়াওয়ান’ (AsiaOne), ‘দ্য স্টার’ (The Star) এবং ‘চায়না ডেইলি’ (China Daily)-র প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনগুলো অনুযায়ী, হংকংয়ের সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি অভিজাত আবাসিক এলাকা 'বাগিও ভিলা'-তে এলোপাথাড়ি ছুরি হামলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় প্রতিবেদনগুলোতে অভিযুক্তকে বাগিও ভিলার একজন ২২ বছর বয়সী বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি সকাল ৯টার দিকে ৪৭ নম্বর ব্লক থেকে বের হয়ে এক বিদেশী গৃহকর্মীর পিঠে ছুরি মারেন বলে জানা গেছে। পুলিশ পৌঁছানোর আগেই নিরাপত্তাকর্মী ও পথচারীরা তাকে কাবু করেন এবং পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উল্লেখিত আন্তর্জাতিক ও স্থানীয় মূলধারার গণমাধ্যমের প্রতিবেদনগুলোর কোনোটিতেই অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি বলে উল্লেখ করা হয়নি। এমনকি এখন পর্যন্ত পাওয়া কোনো যাচাইকৃত তথ্যেও তিনি যে বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী, তার কোনো প্রমাণ মেলেনি।
অতএব, প্রাপ্ত সকল তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে এটি স্পষ্ট যে, হংকংয়ের ঘটনা ঘিরে এক্স-এ প্রচারিত দাবিটি মিথ্যা। অভিযুক্ত ব্যক্তির ওপর ভিত্তিহীনভাবে 'বাংলাদেশি' পরিচয় চাপিয়ে দিয়ে একটি চলমান অপরাধমূলক তদন্তকে জাতীয়তা-ভিত্তিক অপপ্রচারে রূপান্তর করার চেষ্টা চালানো হয়েছে।








