যুদ্ধের আশঙ্কায় সৌদিতে পণ্য মজুতের ভিডিওটি ভুয়া

ছবি: আগামীর সময়
যুদ্ধের আশঙ্কায় সৌদি আরবের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে সুপারমার্কেটে উপচে পড়া ভিড় করছেন— এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওর দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর। ভিডিওটিতে যুদ্ধের বা কোনো সংকটকালীন পণ্য মজুতের দৃশ্য নেই; এটি মূলত ২০২৫ সালে সৌদি আরবের মক্কায় একটি সুপারমার্কেট উদ্বোধনের সময়ের হুড়োহুড়ির পুরোনো দৃশ্য।
কী দাবি করা হচ্ছে?
ফেসবুকের‘Bangla Sanglap,Uk’ নামের একটি ফেসবুক পেজ থেকে ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায়, একটি বড় সুপারমার্কেটের ভেতরে অসংখ্য মানুষ শপিং ট্রলি ও ঝুড়ি সংগ্রহের জন্য হুড়োহুড়ি করছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়— ‘সৌদি আরবের সুপারমার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন।’ এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটি ১৪৬ বার শেয়ার হয় এবং ১ হাজার ২০০টি প্রতিক্রিয়া পড়ে। এছাড়া একই ক্যাপশন ও ভিডিও আরও একাধিক পেজ ও আইডি থেকেও ছড়াতে দেখা যায়।
আসল ঘটনা কী?
ভিডিওটির সত্যতা যাচাইয়ে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে টিকটকে ‘আল বদর মক্কা’ (البدر مكة) নামের একটি অ্যাকাউন্টে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আপলোড করা মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
আরবি ভাষার ওই ভিডিওটির ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায়: “এক্সপ্লোর, শারায়ে ইকোনমিক হলের উদ্বোধন” এবং ভিডিওর ওপরে লেখা ছিল ‘শারায়েতে উদ্বোধন, দ্য প্রিমিয়াম ইকোনমি লাউঞ্জ’। ভিডিওতে স্থান হিসেবে সৌদি আরবের মক্কা শহরের নাম উল্লেখ করা হয়।
গুগল ম্যাপে অনুসন্ধান চালিয়ে মক্কা শহরে অবস্থিত সৌদি আরবভিত্তিক সুপারমার্কেট চেইনের এই শাখাটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়, যার সাইনবোর্ডে ‘The Premium Economy Lounge’ লেখা রয়েছে। গুগল ম্যাপে ব্যবহারকারীদের আপলোড করা ছবির সাথে ভাইরাল ভিডিওটির ভবনের অভ্যন্তরীণ কাঠামো ও ছাদের বাতির বিন্যাসের হুবহু মিল পাওয়া যায়।
এছাড়া ২০২৫ সালের ৩০ আগস্ট প্রকাশিত আরেকটি টিকটক ভিডিওতে উক্ত সুপারমার্কেটের উদ্বোধনের সময় বাইরে বহু মানুষের অপেক্ষা এবং দরজা খোলার সাথে সাথে ভেতরে প্রবেশের দৃশ্য দেখা যায়। ইতোপূর্বে এই ভিডিওটিকেই ‘অবৈধ অভিবাসীদের কেনাকাটা’র দৃশ্য দাবি করে অপপ্রচার চালানো হলে জর্জিয়ার ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘মিথ ডিটেক্টর’ (Myth Detector) অনুসন্ধান চালিয়ে প্রমাণ করে যে এটি নিছকই মক্কায় একটি সুপারমার্কেট উদ্বোধনের দৃশ্য।
অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও এর দাবিটি ভিত্তিহীন। ২০২৫ সালে সৌদি আরবের মক্কায় একটি নতুন সুপারমার্কেট উদ্বোধনের দিনের ভিড়ের পুরোনো ভিডিওকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার প্রেক্ষাপটে 'পণ্য মজুতের হিড়িক' সাজিয়ে আতঙ্ক ও বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে।





