দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ঋতুপর্ণার গাড়ি

ঋতুপর্ণা সেনগুপ্ত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বাড়ির সামনে সকালে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। অভিনেত্রীর বাড়ির সামনে পার্ক করা একটি গাড়িতে একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা দেয়। সৌভাগ্যবশত ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে থাকায় বড় বিপদ থেকে রক্ষা পান।
ঋতুপর্ণা জানান, সকালে তিনি যখন বাড়ির ভেতরে ছিলেন, তখনই হঠাৎ বিকট এক সংঘর্ষের শব্দ শুনে চমকে ওঠেন। শব্দ পেয়ে বাড়ির কর্মীরাও দ্রুত বাইরে ছুটে যান। বাইরে বেরিয়ে তারা দেখেন, একটি ম্যাটাডোর এসে ধাক্কা মেরেছে অভিনেত্রীর পার্ক করা গাড়িতে।
ধাক্কার তীব্রতায় গাড়ির পেছনের বাঁদিকের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পাশাপাশি তার এক বন্ধুর গাড়িতেও ধাক্কা লাগে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়।
অভিনেত্রীর মতে, ওই সময় যদি গাড়ির ভেতরে বা আশপাশে কেউ থাকতেন, তবে এই দুর্ঘটনা আরও অনেক বেশি ভয়াবহ রূপ নিতে পারত।
ঘটনার পরপরই ম্যাটাডোরের চালককে আটক করেন তারা এবং যাতে চালক পালিয়ে যেতে না পারেন, সেজন্য গাড়ির চাবি নিজেদের হেফাজতে নেন।
আটক চালককে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ঋতুপর্ণা দাবি করেন, ওই ব্যক্তি আদতে গাড়িটির অনুমোদিত চালক নন; বরং তিনি একজন ক্যাটারিং কর্মী।
শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন যে তার কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। অর্থাৎ, কোনো রকম অনুমতি কিংবা লাইসেন্স ছাড়াই একটি বাণিজ্যিক গাড়ি চালিয়ে নিয়ে আসছিলেন তিনি।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার কথায়, রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে চালকের সচেতনতা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। একজনের এ ধরনের চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে অন্যের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারত।
ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির এমন ক্ষতি এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।




