ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনাকে নিয়ে ব্যতিক্রমী গান রাহিদা লগ্নার

সংগীতশিল্পী রাহিদা লগ্না
বিশ্ব জুড়ে ফুটবল উন্মাদনার আবহে চলছে ফিফা বিশ্বকাপ। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস। এমন সময় আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন একটি গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। গানটির শিরোনাম ‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুরও করেছেন রাহিদা লগ্না নিজেই। সংগীতায়োজন করেছেন এস এ সুমন। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সজল রানা।
গানটি তৈরির পেছনের গল্প জানাতে গিয়ে রাহিদা লগ্না বলেছেন, এস এ সুমন ভাইয়ের সঙ্গে আগে কয়েকটি মৌলিক গানে কাজ করেছি। একদিন হঠাৎ মনে হলো, আমাদের প্রিয় দল আর্জেন্টিনাকে নিয়ে একটি গান করা যায়। বিষয়টি সুমন ভাইকে বলতেই তিনি উৎসাহ দেন। এরপর আমরা দুজনই গানটির ভাবনা নিয়ে কাজ শুরু করি।
তার ভাষ্য, এটিই হয়তো শেষ বিশ্বকাপ মেসির, এমন অনুভূতি থেকেই গানটির স্থায়ী অংশ মাথায় আসে। সেটুকু লিখে সুমন ভাইকে পাঠাই আমি। দ্রুত বাকি অংশ সম্পন্ন করতে বলেন তিনি। পুরো গানটি লেখা শেষ হওয়ার পর সেদিনই সংগীতায়োজনের কাজ শুরু করেন তিনি। পরে আমি কণ্ঠ দিই।
গানটির ভিডিওচিত্রে অংশ নিয়েছেন মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংঘের নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন তপু, মানুন এবং রাহিদা লগ্না নিজে। পুরো আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন তামিম আহমেদ সবুজ।
রাহিদা লগ্না জানিয়েছেন, মিউজিক ভিডিওর শুটিং চলাকালেই এর কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
তার মতে, আর্জেন্টিনা ভক্তদের জন্য বিশেষ কিছু করতে পেরে ভীষণ ভালো লাগছে। গানটি প্রকাশের পর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অনেকেই। এই ভালোবাসাই নতুন কাজের অনুপ্রেরণা দেয় আমাকে।
বিশ্বকাপের উন্মাদনার আবহে প্রকাশিত ‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’ গানটির মাধ্যমে প্রিয় দলের প্রতি সমর্থকদের আবেগ ও ভালোবাসাকে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান এই শিল্পী।




