তথ্যচিত্রে ফুটবলারদের গল্প

গ্রাফিকস: আগামীর সময়
বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের ফুটবলারদের নিয়ে নির্মিত বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র মুক্তি দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স
এমি মার্টিনেজ: দ্য কিড হু স্টপস টাইম
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজের জীবনকাহিনি ঘিরে তৈরি এই ডকুমেন্টারি। ছোট শহরে বেড়ে ওঠা এক সাধারণ পরিবারের ছেলে কীভাবে বিশ্বফুটবলের সবচেয়ে চাপের মুহূর্তে দাঁড়িয়ে ‘টাইম থামিয়ে দেওয়া’ রিফ্লেক্সের মতো সেভ করেন— সেই যাত্রাই এখানে দেখানো হয়েছে। মার্টিনেজের ক্যারিয়ারে বিশেষভাবে উঠে আসে আর্সেনাল থেকে শুরু করে অ্যাস্টন ভিলা হয়ে আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফিফা বিশ্বকাপ, যেখানে টাইব্রেকারে তার অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়।
ইউএসএ ৯৪: ব্রাজিল’স রিটার্ন টু গ্লোরি
১৯৯৪ বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিলের চতুর্থ শিরোপা জয়ের অভিযান পুনরায় বিশ্লেষণ করা হয় এই ডকুমেন্টারিতে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ব্রাজিলের দলীয় ভারসাম্য, রক্ষণাত্মক কৌশল এবং আক্রমণভাগের তারকা রোমারিও ও বেবেতোর পারফরম্যান্স বিশেষভাবে তুলে ধরা হয়েছে। খেলোয়াড়দের ব্যক্তিগত ফুটেজ, ড্রেসিংরুমের অজানা মুহূর্ত এবং কোচ কার্লোস আলবার্তো পেরেইরার কৌশলী সিদ্ধান্তগুলোর বিশ্লেষণ রয়েছে এতে। ফাইনালে ইতালির বিপক্ষে পেনাল্টিতে জয়, যা ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছে— সেই চাপ ও উত্তেজনার মুহূর্তও উঠে এসেছে প্রামাণ্যচিত্রে।
রোনালদিনহো: দি ওয়ান অ্যান্ড অনলি
ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে ক্যারিশম্যাটিক তারকাদের একজন রোনালদিনহোর জীবন তিন পর্বে তুলে ধরা হয়েছে। ফুটবল পরিবারে জন্ম, ভাইয়ের প্রভাব এবং ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভার বিকাশ। তার শৈশবের সেই হাসিখুশি খেলাই তাকে বিশ্বমঞ্চে নিয়ে যায়। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয় এবং বার্সেলোনায় তার স্বর্ণযুগ। ২০০৫ সালে ব্যালন ডি’অর জিতে তিনি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হন। তার ড্রিবলিং, সৃজনশীলতা ও আনন্দময় খেলা ফুটবলকে নতুন রূপ দেয়। ক্যারিয়ারের শেষ পর্যায়ে ব্রাজিলে ফিরে গিয়ে নিজের শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন। চাপ, সমালোচনা এবং ব্যক্তিগত সংগ্রামের মধ্যেও তিনি নতুনভাবে ভক্তদের ভালোবাসা অর্জন করেন।
দ্য বাস: আ ফ্রেঞ্চ ফুটবল মিউটিনি
২০১০ ফিফা বিশ্বকাপে ফ্রান্স জাতীয় দলের ভেতরের সংকট, বিশেষ করে ‘বাস ধর্মঘট’ বা ন্যাশনাল টিম বয়কট, যা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুর্নামেন্টকে কাঁপিয়ে দিয়েছিল— সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই ডকুমেন্টারি। নিকোলাস আনেলকা বিতর্ক, কোচ রেমঁ দোমেনেকের সঙ্গে দ্বন্দ্ব এবং পুরো দলের অভ্যন্তরীণ বিভাজন কীভাবে জাতীয় লজ্জায় পরিণত হয়, তা এখানে বিশ্লেষণ করা হবে। এটি শুধু একটি ফুটবল ব্যর্থতার গল্প নয়; বরং দলীয় সংস্কৃতি, ইগো ও ব্যবস্থাপনার ব্যর্থতার গভীর অধ্যয়ন।
আনটোল্ড ইউকে: জেমি ভার্ডি
জেমি ভার্ডির গল্প আধুনিক ফুটবলের অন্যতম অনুপ্রেরণামূলক অধ্যায়। নন-লিগ ফুটবল থেকে উঠে এসে তিনি লেস্টার সিটিকে ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়ে দেন, যা ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন। ডকুমেন্টারিতে তার শ্রমজীবী জীবন, প্রতিদিনের সংগ্রাম এবং শীর্ষ পর্যায়ের ফুটবলে মানিয়ে নেওয়ার লড়াই তুলে ধরা হয়েছে।
পোডলস্কি
জার্মানির বিশ্বকাপজয়ী তারকা লুকাস পোডলস্কি, যিনি শুধু ফুটবলার নন; বরং জনপ্রিয়তা, হাস্যরস এবং উদ্যোক্তা মানসিকতার জন্যও পরিচিত— তার জীবনকাহিনি তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টারিতে। ২০০৬ বিশ্বকাপে ব্রেকআউট পারফরম্যান্স, ২০১৪ বিশ্বকাপ জয় এবং ক্লাব ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও গ্যালাতাসারাইয়ে তার সময়— সবকিছুই রয়েছে এতে।
আনটোল্ড ইউকে: লিভারপুলস মিরাকল অব ইস্তাম্বুল
২০০৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, যা ফুটবল ইতিহাসে সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি। প্রথমার্ধে এসি মিলানের কাছে ৩-০ গোলে পিছিয়ে পড়া লিভারপুল দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে। স্টিভেন জেরার্ডের নেতৃত্ব, ভ্লাদিমির স্মিচার ও জাবি আলোনসোর গোল এবং গোলরক্ষক জেরজি ডুডেকের সেভ— সব মিলিয়ে ‘ইস্তাম্বুলের অলৌকিকতা’ কীভাবে ঘটেছিল, সেই গল্প বলা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।
আনটোল্ড ইউকে: ভিনি জোন্স
১৯৮৮ সালে এফএ কাপ জয়ের ঐতিহাসিক অভিযানে ভিনি জোন্সের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার ক্যারিয়ারে লাল কার্ড ও বিতর্ক যেমন ছিল, তেমনি ফুটবল ছেড়ে হলিউডে অভিনেতা হিসেবে নতুন জীবন শুরু করাও এই প্রামাণ্যচিত্রের অংশ।




