তিন শহরে বিশ্বকাপ কাউন্টডাউন কনসার্ট

সংগৃহীত ছবি
ফুটবল আর গানে গানে এক সুতায় বাঁধা পড়বে বিশ্ব! ২৩তম ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন কনসার্টের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এই আয়োজন। ১০ জুন মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে একযোগে অনুষ্ঠিত হবে এগুলো। তিন দেশের তিন শহরে সংগীত পরিবেশন করবেন বিখ্যাত শিল্পীরা। টিকটকে লাইভ দেখানো হবে এসব আয়োজন।
টরন্টোতে ফোর্ট ইয়র্ক এবং দ্য বেন্টওয়েতে ২০২৬ বিশ্বকাপ অফিসিয়াল অ্যালবামের ‘সির সির’ গানটি গেয়ে শোনাবেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়, কানাডিয়ান গায়িকা-অভিনেত্রী নোরা ফাতেহি ও ফরাসি গায়ক ভেজিড্রিম। গত রবিবার প্রকাশ হয়েছে এর ভিডিও। টরন্টোতেই সংগীত পরিবেশন করবেন কানাডিয়ান গায়ক ব্রায়ান অ্যাডামস, কানাডিয়ান মেয়েদের রক ব্যান্ড দ্য বিচেস এবং কানাডিয়ান গায়ক এএইচআই ও হাইতিয়ান র্যাপার ওয়াইক্লেফ জিন।
মেক্সিকো সিটির অডিটোরিও ন্যাশনালে এবারের বিশ্বকাপ অফিসিয়াল অ্যালবামের ‘পোর এলা’ গানটি পরিবেশন করবেন মেক্সিকান গায়িকা বেলিন্দা ও মেক্সিকান ব্যান্ড লস আনফেলেস আফুলেসের সদস্যরা। একই কনসার্টে আরও থাকছেন ভেনেজুয়েলান-আমেরিকান গায়িকা এলেনা রোজ ও ইতালিয়ান বর্ষীয়ান গায়ক আন্দ্রেয়া বোসেল্লি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় ২০২৬ বিশ্বকাপ অফিসিয়াল অ্যালবামের ‘এনার্জি’ গানটি গাইবেন আমেরিকান গায়িকা অ্যাভা ম্যাক্স ও বায়া। ‘নো প্লেস লাইক হোম’ গানটি পরিবেশন করবেন আমেরিকান ব্যান্ড মেজর লেজার ও নাইজেরিয়ান-আমেরিকান গায়ক ডেভিডো।




