নারায়ণগঞ্জে বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতাসহ নিহত ২

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই যুবক। নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় ঘটে এ দুর্ঘটনা। তারা একটি কয়েল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে জালকুড়ি ঝুটপট্টি এলাকা দিয়ে যাওয়ার সময় একই দিকে চলতে থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারালে দুজন ছিটকে পড়ে যান। পরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
নিহত মাসুম বিল্লাহ পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন। স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি একটি কয়েল কারখানার মালিক ছিলেন এবং কাঁচা তরকারির ব্যবসা করতেন।
অপর নিহত আব্দুল কাদির জিলানী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া ব্যাংক কলোনি এলাকায় বসবাস করতেন এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে দুই মোটরসাইকেল আরোহীর। পরে জড়িত ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ডা. সাখাওয়াত হোসেন খান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং নিহত যুবদল ও ছাত্রদল নেতার পরিবারকে শান্তনা দিয়ে এসেছি।




