৪১ ঘণ্টা না ঘুমিয়ে

কীর্তি সুরেশ -ইনস্টাগ্রাম
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ টানা ৪১ ঘণ্টা না ঘুমিয়ে শুটিং করেছেন। এ ঘটনাকে ক্লান্তিকর না ভেবে বরং উল্টো আশীর্বাদের মতো লাগছে তার কাছে। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় না থাকার কারণ ছিল অবিশ্বাস্য রকমের ব্যস্ততা। তিনি লিখেছেন, ‘গতকাল পোস্ট দেওয়ার মতো শক্তিই ছিল না। এক শুটিং থেকে আরেক শুটিংয়ে ছুটেছি। শেষ পর্যন্ত ঘুমানোর আগে টানা ৪১ ঘণ্টা জেগে ছিলাম।’
পরে আরেক ভিডিওতে ৩৩ বছর বয়সী এই তারকা জানান, প্রায় ২৪ ঘণ্টা পর নিজের ঘরে ফিরেছেন তিনি। এরমধ্যে প্রায় ২০ ঘণ্টাই কেটেছে কাজের পরিসরে। আগের দিন সকাল ৬টায় বেরিয়ে পরদিন আবারও একই সময়ে বাসায় ফিরলেও বিশ্রামের সুযোগ ছিল মাত্র এক ঘণ্টা। কারণ এরপরই আবার নতুন শুটিংয়ে যেতে হয়েছে।
তবে কাজের চাপ নিয়ে চিন্তিত নন কীর্তি। বরং তিনি বললেন, ‘ঘুমানোর সুযোগ না পাওয়ার এমন সমস্যা নিয়ে কি অভিযোগ করা যায়? এটা বরং সৌভাগ্যের। জীবন এমনই। এটি আশীর্বাদ মনে করছি। জীবনের জন্য চিয়ার্স!’
কয়েক মাস ধরে একের পর এক নতুন কাজের সুবাদে কীর্তি সুরেশের নাম নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছে। সম্প্রতি তিনি বলিউড তারকা রাজকুমার রাওয়ের সঙ্গে ‘রাফতার’ সিনেমার কাজ শুরু করেছেন। এর ব্যঙ্গধর্মী গল্প ভারতীয় শিক্ষাব্যবস্থাকে ঘিরে।
কীর্তি দক্ষিণ ভারতে তামিল সিনেমা ‘সত্যবান সাবিত্রী’, ‘আক্কা’, তেলুগু সিনেমা ‘রাউডি জনার্ধনা’ ও ‘ভেঙ্কিআনিল ৫’ সিনেমাগুলোর কাজও করছেন।
একসঙ্গে বিভিন্ন ভাষার একাধিক প্রকল্প সামলাতে গিয়ে কীর্তির তুমুল ব্যস্ত সময় কাটছে। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, কোনো অস্ত্রোপচার বা ওষুধ নয়; বরং প্রায় ৯ মাসে ১০ কেজি ওজন কমিয়েছেন নিয়মিত যোগব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে।



