ব্যর্থতা আলিয়ার, সিনেমা হারিয়েছেন তাপসী

তাপসী পান্নু। ছবি: ইনস্টাগ্রাম
তাপসী পান্নুর ক্যারিয়ারে নারীপ্রধান ও বিষয়ভিত্তিক সিনেমার সংখ্যা কম নয়। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘রাশমি রকেট’সহ বিভিন্ন সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাকে। তবে নারীকে কেন্দ্র করে নির্মিত সিনেমার ক্ষেত্রে শুধু অভিনেত্রীর অভিনয় নয়, ব্যবসায়িক ফলাফল পরবর্তী অনেক প্রকল্পের ভাগ্যও নির্ধারণ করে দেয়। নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’ নিয়ে কথা বলতে গিয়ে এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাপসী। তার দাবি, আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ প্রত্যাশিত ব্যবসা করতে না পারার পর নারীপ্রধান সিনেমা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহে নেতিবাচক প্রভাব পড়ে। এর প্রভাব এসে পড়ে তার নিজের সিনেমাতেও।
তাপসীর ভাষায়, “আলিয়ার ‘আলফা’ ভালো না করার পর আমিও কয়েকটি সিনেমা হারিয়েছি। বিনিয়োগকারীরা পিছিয়ে গিয়েছিলেন।”
তার মতে, নারীপ্রধান সিনেমার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা এখনো অনেক বেশি নড়বড়ে। একজন অভিনেত্রীর সিনেমা ব্যর্থ হলেই একই ধরনের অন্য সিনেমার ক্ষেত্রেও ঝুঁকি নেওয়ার মানসিকতা কমে যায়। অথচ পুরুষকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায় না।
তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’-তে একজন মায়ের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে মেয়েকে রক্ষা করতে এক মায়ের সংগ্রামকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রশংসা পাচ্ছেন তাপসী।





