নারী গ্যাংস্টার চরিত্রে প্রথমবার কীর্তি সুরেশ

কীর্তি সুরেশ
গ্যাংস্টারের চরিত্রে প্রথমবার অভিনয় করলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ। তার বৈচিত্র্যময় ক্যারিয়ারে এটি নতুন এক সংযোজন। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘আক্কা’য় তাকে দেখা যাচ্ছে ভবানী নামের এক গ্যাংস্টারের ভূমিকায়। ক্ষমতা, আনুগত্য, উত্তরাধিকার ও প্রতিশোধের নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে এর গল্প। গত ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি এখন বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে।
‘মহানতি’, ‘সানি কাইধাম’ ও ‘দাসারা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত কীর্তি বলছেন, ভবানী চরিত্রটি তাকে অভিনয়ের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে। তার ভাষায়, ‘আগে জানতামই না নারী গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে পারব। ভবানী এমন একজন নারী, যে নিজের আদর্শ ও অবস্থান সম্পর্কে স্পষ্ট এবং নিজের উত্তরাধিকার রক্ষায় যেকোনো সীমা পেরোতে প্রস্তুত।’
সিরিজটির গল্পের পটভূমি পেরনুরু নামের একটি রাজ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে নারীরাই শাসন ও নিজেদের স্বার্থ রক্ষা করে আসছেন। এ রাজ্যে ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় আর টিকে থাকার জন্য আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষা করতে গিয়ে নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ভবানীকে।
‘আক্কা’ পরিচালনা করেছেন ধর্মরাজ শেঠি। চিত্রনাট্য লিখেছেন তিনিই। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘সানি কাইধাম’-এ কীর্তির অভিনয় দেখেই ‘আক্কা’ সিরিজের ভবানী চরিত্রের জন্য তাকে ভাবেন এই নির্মাতা। সিনেমাটিতে প্রতিশোধপরায়ণ এক নারীর চরিত্রে অভিনয় করেন কীর্তি। তিনি বলেছেন, “আমার মনে হয়, ধর্মরাজ তামিল মুভি ‘সানি কাইধাম’ দেখেছিলেন। সেখানে আমার চরিত্রটি ছিল বেশ সাহসী ও দৃঢ়, আবার একই সঙ্গে ভীষণ সংবেদনশীল। প্রতিশোধের পথে তার দীর্ঘ যাত্রা ছিল। আমাদের প্রথম সাক্ষাতে তিনি জানিয়েছিলেন, সিনেমাটি দেখেছেন। তখনই বুঝতে পারি, কেন তিনি আমাকে এ চরিত্রের জন্য চেয়েছেন।”
দুই বছর আগে ‘বেবি জন’-এর মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয়েছে কীর্তির। ‘আক্কা’ তার প্রথম হিন্দি সিরিজ। নারী প্রধান চরিত্রে ছোট পর্দায় এটাই ৩৪ বছর বয়সী এ তারকার প্রথম কাজ।




