মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন নিয়ে জোনায়েদ-মাহির ‘মায়ার সংসার’
বিনোদন প্রতিবেদক

জোনায়েদ বোগদাদী ও সামিরা খান মাহি
‘মায়ার সংসার’ নামের আট পর্বের নতুন একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করলেন জোনায়েদ বোগদাদী ও সামিরা খান মাহি। মধ্যবিত্ত পরিবারের টানাপড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। এ পরিবারে রয়েছে মা-বাবা, তিন সন্তান ও অন্যরা। বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। দুই ছেলে পরিবারের সঙ্গে থাকলেও মা-বাবার খরচ দেয় না। এদিকে মেয়েটির বিয়ের বয়স হয়েছে। কিন্তু সে মা-বাবার কথা ভেবে জীবনসংগ্রামে নামে।
মো. ওমর ফারুকের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, সৈয়দ মুসাফির বাচ্চু, এরফান মৃধা শিবলু প্রমুখ। আজ থেকে ইউটিউবে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পাবে ‘মায়ার সংসার’। এর নতুন পর্ব দেখা যাবে প্রতি সোম ও মঙ্গলবার দুপুর ১২টায়।




