৭ বছর পর ফিরছে নভেরা

‘নভেরা’র দৃশ্যে সামিউন জাহান দোলা -ছবি: ধ্রুপদী আর্ট সেন্টার
সাত বছর পর আবার মঞ্চে ফিরছেধ্রুপদী আর্ট সেন্টারের প্রথম প্রযোজনা ‘নভেরা’। দেশের পথিকৃৎ ভাস্কর নভেরা আহমেদের জীবন, শিল্প, প্রেম, নিঃসঙ্গতা ও শিল্পীসত্তার নানা দিক তুলে ধরা হয়েছে এই একক নাটকে। আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর ৩০তম মঞ্চায়ন হবে।
২০১৬ সালে প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটির যাত্রা শুরু হয়। হাসনাত আবদুল হাইয়ের মূল রচনায় নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান দোলা। তিনিই একক অভিনয় করছেন এতে। নির্দেশনায় সাজ্জাদ রাজীব।
দেশের আধুনিক ভাস্কর্যের ইতিহাসে নভেরা আহমেদ একটি গুরুত্বপূর্ণ নাম। প্রচলিত শিল্পভাবনা ও সামাজিক কাঠামোর বাইরে নিজস্ব শিল্পভাষা নির্মাণ করেছিলেন তিনি। তার জীবন ও শিল্পচর্চায় ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা, ব্যক্তিস্বাতন্ত্র্য, প্রেম, নিঃসঙ্গতা ও নিরন্তর অনুসন্ধান। একসময় জনপরিসর থেকে অনেকটা নীরবে সরে যাওয়া এই শিল্পীকে তার শিল্প ও অন্তর্জগতের মধ্য দিয়ে মঞ্চে ফিরিয়ে এনেছে ‘নভেরা’। প্রায় ১ ঘণ্টা ১০ মিনিটের এই নাটকে একজন অভিনেতার মাধ্যমে নভেরার বহুমাত্রিক ব্যক্তিসত্তা ও শিল্পীসত্তা তুলে ধরা হয়েছে।
নাট্যকার ও নির্দেশকের শিল্পভাবনায়, ‘নভেরা’ শুধু একজন ভাস্করের জীবনের নাট্যরূপ নয়; বরং নিজস্ব পথ নির্মাণ, সীমা অতিক্রম এবং প্রতিকূলতার মধ্যেও সৃষ্টিশীলতার প্রতি অবিচল থাকার গল্প। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর প্রতীকী শক্তিও নাটকটিতে নভেরার জীবন ও শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে।
সাত বছর পর মঞ্চে ফেরা এবং ৩০তম প্রদর্শনী— দুই দিক থেকেই এবারের আয়োজন প্রযোজনাটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে ধ্রুপদী আর্ট সেন্টার। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০, ৩০০, ৫০০ ও ১ হাজার টাকা।




