শিল্পকলায় আজ অপেরা নাট্যদলের নাটক ‘হাত বাড়িয়ে দাও’

দৃশ্য: ‘হাত বাড়িয়ে দাও’ -অপেরা নাট্যদল
অনাগত সন্তানের আগমনী বার্তা পেয়ে নতুন জীবনকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েন এক নারী। ক্ষুধা, অপমান, বঞ্চনা, কপটতা ও নানা সামাজিক অসংগতিতে ভরা পৃথিবীতে আরেকটি শিশুর জন্ম দেওয়া কতটা যুক্তিসংগত— এ প্রশ্নের মুখোমুখি হন তিনি।
এটি অপেরা নাট্যদলের ১১তম প্রযোজনা ‘হাত বাড়িয়ে দাও’-এর গল্প। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে এর ১১তম মঞ্চায়ন হবে।
ইতালীয় সাংবাদিক ও লেখিকা ওরিয়ানা ফালাচির বিখ্যাত গল্প ‘লেটার টু আ চাইল্ড নেভার বর্ন’ অবলম্বনে অধ্যাপক আনু মুহাম্মদ অনূদিত গ্রন্থ ‘হাত বাড়িয়ে দাও’ থেকে তৈরি হয়েছে নাটকটি। এর নাট্যরূপ দিয়েছেন নাহিদ স্মৃতি। তিনি এতে অভিনয়ও করেছেন।
এ ছাড়া সংগীত বিন্যাস, দেহ বিন্যাস ও পোশাক পরিকল্পনা তারই। নাটকটির অন্য অভিনয়শিল্পীরা হলেন— নাফিদ মোমেন মনি, হিলাল শাহ, নীরব হোসেন রাব্বি, সৌরভ পাল, মিশকাতুল মুনিয়া ও নাজিব আবরার হাবিব।
‘হাত বাড়িয়ে দাও’ নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির। তিনি জানিয়েছেন, অনাগত সন্তানের সঙ্গে মায়ের কথোপকথনের মধ্য দিয়ে ব্যক্তিগত দ্বিধার পাশাপাশি মানুষের সার্বজনীন সংকট ও নারীর অসম অবস্থানের বিষয়গুলো তুলে ধরা হয়েছে নাটকে।
নাটকটির প্রযোজনা অধিকর্তা মাহবুব আলম শাহীন। সংগীত প্রয়োগ করেছেন শাহনাজ পারভিন শিখা, মানিক মোল্লা, নীরব হোসেন রাব্বি, সৌরভ পাল ও নাফিদ মোমেন মনি। আলোক বিন্যাস ও প্রক্ষেপণে সাজ্জাদ সাব্বির এবং সংগীত প্রক্ষেপণ ও শব্দ নিয়ন্ত্রণে রয়েছেন হিলাল শাহ।




