আসছে মীর সাব্বিরের নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

অভিনেতা-নির্মাতা মীর সাব্বির ২০১৯ সালে নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন। তবে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের ব্যস্ততা এবং পরে করোনার ধাক্কায় নিয়মিত সময় দিতে পারেননি। চলতি বছর আবারও এ নিয়ে সক্রিয় হয়েছেন তিনি। ছয় মাস ধরে প্রতি মাসে দুটি করে একক নাটক প্রকাশ করছেন। এবার নিজের ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘খুব চেনা গল্প’।
পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, আস্থা ও টানাপড়েনকে কেন্দ্র করে ধারাবাহিকটির গল্প। এ প্রসঙ্গে মীর সাব্বির বললেন, ‘এটি আমাদের খুব কাছের একটি গল্প। নাটকটির মাধ্যমে দর্শককে আনন্দ দেওয়ার পাশাপাশি মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও বিনয়ের মতো বিষয়গুলো তুলে ধরতে চাই। দর্শক আমাদের নাটক দেখে কখনো দুঃখ পাবেন, কখনো আনন্দ পাবেন, কখনো কষ্ট অনুভব করবেন, আবার কখনো মজা পাবেন।’
গত ১৬ অক্টোবর ‘খুব চেনা গল্প’র শুটিং শুরু হয়েছে। ধারাবাহিকটির অভিনয়শিল্পীর তালিকায় রয়েছেন সবুজ আহমেদ, মিহি, শাহেদ আলী, ডলি জহুর, তাহমিনা সুলতানা মৌ, কাজী রাজু, আনোয়ার শাহী, সামিয়া আহমেদ, সামিয়া আক্তার, মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে। আগামী মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে এর প্রচার শুরু হতে পারে।




