জামিন পেয়ে নোবেল বললেন, ‘ভুল আবারও হইতে পারে’

নোবেল
‘আমার সব দর্শক শ্রোতারা আমাকে ভালো করেই বোঝে, তারা আমাকে ক্ষমা করে দেবে। ভক্তরা জানে আমি এমনই, একটু পাগলা পাগলা তাই ভক্তরা কিছু মনে করবে না’
আদালত এলাকায় এজলাস থেকে বেরোতে বেরোতে বলছিলেন গায়ক মাইনুল আহসান নোবেল।
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। একদিন পরেই আজ তাকে জামিন দিয়েছেন আদালত।
এজলাস থেকে ফেরার সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে নোবেল বলছিলেন, ‘হয়ে থাকে, ভুলভ্রান্তি মানুষের দ্বারাই হয়ে থাকে। ক্ষমা করে দিয়েন। বললাম তো মানুষ মাত্রই ভুল, ভুল হইছে, আবারও হইতে পারে।’
আপসের শর্তে নোবেলকে জামিনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গায়ক নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়।
তদন্ত শেষে গত ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান।
নোবেল ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন, নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানা।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।




