গোয়েন্দা সিরিজ ‘তেহরান’ নির্মাতার লাশ উদ্ধার

সংগৃহীত ছবি
ইসরায়েলি গুপ্তচর থ্রিলার সিরিজ তেহরান এর সহ নির্মাতা ও প্রযোজক ডানা ইডেন কে গ্রিসের রাজধানী এথেন্স এর মধ্যাঞ্চলে একটি হোটেলকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৫২ বছর।
গ্রিক পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার গভীর রাতে সিনতাগমা স্কয়ারের কাছের হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের এক মুখপাত্র জানান, ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে।
ইডেন সিরিজটির চতুর্থ মৌসুমের শুটিংয়ের কাজে ৪ ফেব্রুয়ারি এথেন্সে পৌঁছেছিলেন। আন্তর্জাতিকভাবে সিরিজটি অ্যাপল টিভিতে সম্প্রচারিত হয়। ইরানের রাজধানীতে গোপনে কাজ করা মোসাদের এক নারী এজেন্টকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজের প্রথম তিন মৌসুমও এথেন্সে ধারণ করা হয়েছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এর হামলা এবং পরবর্তী সময়ে গাজায় যুদ্ধ শুরুর পর চতুর্থ মৌসুমের শুটিং বিলম্বিত হয়।
‘তেহরান’ আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত ইসরায়েলি প্রযোজনাগুলোর একটি হয়ে ওঠে এবং ২০২১ সালে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা নাটক সিরিজের পুরস্কার অর্জন করে।
ইডেন প্রযোজক শুলা স্পিগেল এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তাদের যৌথ প্রতিষ্ঠান ডোনা অ্যান্ড শুলা প্রোডাকশন্স ‘তেহরান’সহ আরও কয়েকটি সিরিজ প্রযোজনা করেছে।
ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে ইডেনকে “ইসরায়েলি টেলিভিশন শিল্পের অন্যতম প্রধান ও প্রভাবশালী প্রযোজক” হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র: স্কাই নিউজ



