জ্যাক স্প্যারো হয়ে কি তবে ফিরছেন জনি ডেপ?

জনি ডেপ
সাগরের উত্তাল ঢেউ, পালতোলা জাহাজ আর জলদস্যুদের রোমাঞ্চকর দুনিয়া, আর এই পুরো রোমাঞ্চের সমার্থক নাম হলো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তার অদ্ভুত হাঁটাচলা, মজার সংলাপ আর দুঃসাহসিক কাণ্ডকারখানা মন্ত্রমুগ্ধ করে রেখেছিল বিশ্বজুড়ের কোটি কোটি দর্শককে। আর সেই কালজয়ী চরিত্রেই হলিউড তারকা জনি ডেপের রুপালী পর্দায় কামব্যাক নিয়ে নতুন করে শুরু হয়েছে জোরালো আলোচনা।
জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে জনি ডেপের কামব্যাক নিয়ে জোর চর্চা চললেও অভিনেতা নিজে অবশ্য এখনই নিশ্চিত কোনো ঘোষণা দেননি।
তবে সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিটির সমাপ্তি কীভাবে আরও সুন্দর ও স্মরণীয় করে তোলা যায়, সেটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেতার ভাষায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।’
ফ্র্যাঞ্চাইজিটির খ্যাতিমান প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে আবারও জুটি বাঁধার বিষয়ে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন ডেপ।
ব্রুকহাইমারকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে তিনি জানান, ব্রুকহাইমার ডাকলে তিনি আগামীকালই কাজ করতে প্রস্তুত। কাজের ধরন বা চরিত্র নিয়ে তার কোনো রাখঢাক নেই, বরং পারস্পরিক বন্ধুত্ব ও আস্থাই তার কাছে মুখ্য বিষয়।
এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে ‘এন্টারটেইনমেন্ট উইকলিকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুকহাইমারও নিশ্চিত করেছিলেন যে, নতুন সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে।
উপযুক্ত চিত্রনাট্য ও গল্প তৈরি হলেই যে জ্যাক স্প্যারো হিসেবে ডেপ ফিরতে পারেন, সেই ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।
২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন জনি ডেপ।
এরপর ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মোট পাঁচটি সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বিশ্বজুড়ে এই সিরিজটির মোট আয় প্রায় ৪৫০ কোটি ডলার। বিশেষ করে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) এবং ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) সিনেমা দুটি এককভাবে এক বিলিয়নেরও বেশি আয় করে ইতিহাস গড়েছিল।
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আইনি লড়াইয়ের জেরে ডিজনি স্টুডিওর সঙ্গে একটা দূরত্ব তৈরি হলেও, ভক্তদের ভালোবাসায় ঘেরা এই জনপ্রিয় জলদস্যু চরিত্রে জনি ডেপ ফের কামব্যাক করেন কি না, এখন সেটাই দেখার বিষয়।




