যুদ্ধের ধাক্কায় হলিউডে অর্থ ও কাজের সংকট

সংগৃহীত ছবি
আমেরিকা ও ইরানের মধ্যে চলমান অস্থিরতার আঁচ এবার এসে লেগেছে বিশ্ব চলচ্চিত্রের প্রাণকেন্দ্র হলিউডে। কয়েক সপ্তাহ ধরে চলা এই সংঘাতের কারণে বড় বড় সিনেমার কাজ শুধু থমকেই যায়নি, বরং পুরো ইন্ডাস্ট্রি এখন এক অনিশ্চয়তার মুখে দাড়িয়ে। বিশেষ করে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সিনেমার বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন নির্মাতারা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ থেকে ১১০ ডলার ছাড়িয়ে যাওয়ায় হলিউড ও বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিনেমার শুটিংয়ে জেনারেটর চালানো থেকে শুরু করে ক্যামেরা, কস্টিউম এবং বিশাল সব প্রপস এক জায়গা থেকে অন্য জায়গায় আনা-নেওয়ার জন্য জ্বালানির প্রয়োজন হয়। জ্বালানি তেলের দাম বাড়লে লজিস্টিক খরচও পাল্লা দিয়ে বাড়ে, যা শেষ পর্যন্ত সিনেমার মোট খরচকে অনেকখানি বাড়িয়ে দিচ্ছে।
লজিস্টিক সমস্যার পাশাপাশি শুটিংয়ের লোকেশন নিয়েও দেখা দিয়েছে বিপত্তি। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় কড়াকড়ি থাকায় ইউরোপ ও এশিয়ার মধ্যে যাতায়াত করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তার খাতিরে অনেক পরিচালক তাদের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খানের 'কিং' সিনেমার দুবাই শিডিউল বাতিল করা হয়েছে এই অস্থিরতার কারণেই। হলিউডের অনেক স্টুডিও এখন মধ্যপ্রাচ্যের মতো স্পর্শকাতর এলাকায় শুটিং করার ঝুঁকি নিতে চাইছে না।
শুটিং পিছিয়ে যাওয়ার অর্থ হলো সিনেমার মুক্তির তারিখও পিছিয়ে যাওয়া। এর ফলে অনেক বড় বাজেটের সিনেমা তাদের নির্ধারিত সময়ে দর্শকদের সামনে আসতে পারবে না। উদ্ভূত পরিস্থিতিতে অনেক প্রোডাকশন হাউজ এখন প্রেক্ষাগৃহের বদলে ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকছে, যাতে আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার মধ্যেও ব্যবসার একটা নিশ্চয়তা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ শুধু তেলের দাম বাড়াচ্ছে না, বরং সিনেমা নির্মাণের দীর্ঘমেয়াদী কৌশলকেও বদলে দিচ্ছে। যুদ্ধের এই প্রভাব শুধু সিনেমার পর্দায় নয়, বরং বড় বড় সব সাংস্কৃতিক অনুষ্ঠানেও পড়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২তম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল, যা এখন পিছিয়ে জুন মাসে নেওয়া হয়েছে। এছাড়া শাকিরার ভারত সফর, কানইয়ে ওয়েস্টের দিল্লি কনসার্ট এবং আবু ধাবির জনপ্রিয় 'অফ লিমিটস' ফেস্টিভ্যালও আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
সব মিলিয়ে বিনোদন দুনিয়া এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।



