বিমানবন্দরে আমার লাগেজে কিছু পাওয়া যায়নি : মেহজাবীন

মেহজাবীন
সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে দেশের গণমাধ্যমে খবর প্রকাশ পায় যে, তিনি বিমানবন্দরে ১৪ বোতল মদসহ ধরা পড়েছেন। কিন্তু খবরটিকে সরাসরি অস্বীকার করলেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। বলছেন,‘কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি; আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লিখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠেনা।’
মেহজাবীনকে নিয়ে যে খবর প্রকাশ ও প্রচার হয়েছে; তা সম্মানহানি ঘটিয়েছে অভিনেত্রীর। তাই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। এমনটাই জানিয়ে বললেন ‘সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি।’
বিমানবন্দরে মেহজাবীনকে আটকানো হয়নি উল্লেখ করে ছোট পর্দার এই অভিনেত্রী বলছেন, ‘উল্লিখিত কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি; আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লিখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠেনা। যেসব কথা ছড়ানো হচ্ছে, সেরকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে কোনোরুপ জিজ্ঞাসাবাদও করেননি।’
এসব ঘটনার কোনো সত্যতা নেই, নেই কোনো ভিডিও কিংবা ফুটেজ, দাবি অভিনেত্রী মেহজাবীনের, ‘আমাকে জিজ্ঞাসাবাদ করার, আমার লাগেজ থেকে কিছু অবৈধ কিছু বের হওয়ার কোনো ছবি, ভিডিও বা কোনো ধরনের প্রমাণ কি আছে? দুর্ভাগ্যজনকভাবে মানহানি এখন খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। যে খবরটি ছড়ানো হয়েছে, তার নিরিখে একটিও প্রমাণ কেউ দিতে পারেনি যে আমার লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে। অথচ ক্লিকবেইটের জন্য আমার ছবি ব্যবহার করা হয়েছে।’
‘এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারুরই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া কাম্য নয়। আমার বিরুদ্ধে এই সকল অভিযোগ অমূলক এবং আমি আবারও বলছি, এই ধরণের অপ্রীতিকর ঘটনায় আমাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে আমার কোনই সংশ্লিষ্টতা নেই।।’ যোগ করেন তিনি।



