আজ শেষ হচ্ছে কমেডি ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’

বৈশাখী টিভিতে প্রচারিত কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’-এর আজ শেষ পর্ব প্রচার হবে। সোমবার (২ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নাটকটির শেষ পর্ব প্রচারিত হবে। এর মধ্য দিয়ে নাটকের গল্পে পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব ও নানা সমস্যার অবসান ঘটবে।
মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘গৃহযুদ্ধ’ নাটকে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্নব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া ও সজল মির্জাসহ অনেকে।
কমেডিনির্ভর নাটকটির গল্পে দেখা যায়, ব্যবসায়ী বাশার সাহেবের দিনকাল মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ গ্রাম থেকে কুদ্দুস তার মা জামেলা ও বোন রাবেয়াকে নিয়ে বাশার সাহেবের বাড়িতে এসে ওঠে। কুদ্দুস নিজেকে বাশার সাহেবের ছেলে এবং তার মা জামেলা নিজেকে বাশার সাহেবের স্ত্রী হিসেবে দাবি করেন। তারা বাশার সাহেবের সম্পত্তির ভাগ নিতে এসেছেন বলেও জানিয়ে দেন।
এ ঘটনা জানাজানি হওয়ার পর বাশার সাহেবের বাড়িতে শুরু হয় নানা ধরনের দ্বন্দ্ব ও অশান্তি। পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয় নানা সমস্যা, মান-অভিমান, হাস্যরস ও ষড়যন্ত্র। সেই থেকেই পরিস্থিতি রূপ নেয় ‘গৃহযুদ্ধে’। ধারাবাহিকভাবে এসব ঘটনা নিয়েই এগিয়েছে নাটকটির গল্প।
শেষ পর্বের মধ্য দিয়ে এসব সমস্যার সমাধান কীভাবে হয়, সেটিই দেখবেন দর্শকরা।
নাটকটির পরিচালক মহিন খান বলেন, ‘নানা হাস্যরস, মান-অভিমান আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে চলা ‘গৃহযুদ্ধ’ নাটকে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, তা দর্শকরাই ভালো বলতে পারবেন। তবে আমি চেষ্টার কোনো কমতি রাখিনি।’



