চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করবেন সুনিধি

সুনিধি নায়েক
‘রকস্টার’-এ প্রশংসা কুড়িয়েই অভিনয়ে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিলেন সুনিধি নায়েক
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমায় স্বল্প উপস্থিতিতেই দর্শকদের নজর কাড়েন কণ্ঠশিল্পী সুনিধি নায়েক। গানের জগতের পরিচিত এই শিল্পী প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছ থেকে। আর সেই প্রশংসার মধ্যেই অভিনয়ে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি নির্মাতা ইভান মনোয়ার সামাজিক মাধ্যমে সুনিধির অভিনয় নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “‘রকস্টার’ সিনেমায় সুনিধির ক্যামিও মানতে পারবো না কখনো। শুধু সুনিধিকে কেন্দ্র করেই আপাতত ১০টি সিনেমা বানানো সম্ভব। এই মানুষটার মধ্যে এত গল্প, এত প্রাণশক্তি। অথচ তার অভিষেক সিনেমায় নিজেকে কী নিদারুণ অপচয়!”
নির্মাতার সেই মন্তব্যের জবাবে সুনিধি নায়েক লেখেন, “আরও অনেক কাজ হবে। পাশে থাকবেন।” তার এই সংক্ষিপ্ত উত্তরকে অভিনয়ে নিয়মিত হওয়ার ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সুনিধির অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নাইম নামের এক দর্শক লিখেছেন, “আপুকে ‘রকস্টার’-এ হয়তো বেশিক্ষণ দেখা যায়নি, কিন্তু যতক্ষণ ছিলেন ততক্ষণেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন। আশা করি আরও বাংলা সিনেমায় তাকে দেখা যাবে।”
ভারতের আসামের মেয়ে সুনিধি নায়েক দীর্ঘদিন ধরেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। বিয়ের পর তিনি ঢাকায় বসবাস শুরু করেন। লোকগান, আঞ্চলিক গান এবং বাংলা সংগীতের বিভিন্ন ধারায় তার স্বতন্ত্র কণ্ঠ ইতোমধ্যে দুই বাংলার শ্রোতাদের কাছে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য।
অভিনয়ে প্রথম পদার্পণেই ইতিবাচক সাড়া পাওয়ায় ভবিষ্যতে তাকে আরও বেশি চলচ্চিত্রে দেখা যেতে পারে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। আর সুনিধির নিজের মন্তব্যও সেই সম্ভাবনাকেই জোরালো করেছে।






