পুরনো বিবাদ ও চেক বাউন্স মামলায় বিপাকে আমীষা প্যাটেল

আমীষা প্যাটেল
অভিনেতা রাজপাল যাদবের আইনি জটিলতা নিয়ে চর্চার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আইনি সংকটে পড়লেন বলিউড অভিনেত্রী আমীষা প্যাটেল। ২০১৭ সালের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অর্থ আত্মসাৎ ও চেক বাউন্সের অভিযোগে উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় সোমবার এই কঠোর পদক্ষেপ নিয়েছেন বিচারক। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৭ মার্চ অভিনেত্রীকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে।
ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ১৬ নভেম্বর। অভিযোগকারী ইভেন্ট অর্গানাইজার পবন ভার্মার দাবি, মোরাদাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমীষাকে চুক্তিবদ্ধ করা হয়েছিল এবং অগ্রিম হিসেবে তাঁকে ১৪.৫০ লক্ষ রুপি দেওয়া হয়েছিল। অভিনেত্রীর থাকার জন্য শহরের একটি হোটেলেও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই অনুষ্ঠানে যোগ দেননি। পরবর্তীকালে আলোচনার মাধ্যমে আমীষা পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত দেওয়া চেকটি ব্যাংকে বাউন্স হয়। এরপরই ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই ইভেন্ট অর্গানাইজার।
এই খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ‘গদর ২’ খ্যাত এই অভিনেত্রী। পুরো বিষয়টিকে পুরনো এবং ইতিমধ্যে মীমাংসিত বলে দাবি করেছেন তিনি। আমীষা তাঁর বিবৃতিতে জানিয়েছেন যে, কয়েক বছর আগেই পবন ভার্মা একটি আপসনামায় স্বাক্ষর করে চুক্তিমতো সম্পূর্ণ অর্থ বুঝে নিয়েছিলেন। সব মিটে যাওয়ার পরেও কেন পুনরায় আইনি পদক্ষেপ নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিনেত্রীর দাবি, সস্তা প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং তিনি এখন ওই ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির পাল্টা ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, আইনি জটিলতায় আমীষা প্যাটেলের জড়িয়ে পড়া এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালেও রাঁচি সিভিল কোর্টে একটি চেক বাউন্স মামলায় তাঁকে আত্মসমর্পণ করতে হয়েছিল। ২০২১ সালেও কয়েক লক্ষ টাকার চেক বাউন্সের ঘটনায় শিরোনামে এসেছিলেন তিনি। গত বছর 'গদর ২' সিনেমার বিশাল সাফল্যের পর যখন আমীষা তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস নিয়ে ব্যস্ত, ঠিক তখনই এই পুরনো মামলা তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। এখন দেখার বিষয়, আগামী ২৭ মার্চ আদালতে উপস্থিত হয়ে তিনি এই পরিস্থিতি কীভাবে সামাল দেন।
সুত্রঃ হিন্দুস্তান টাইমস



