গাড়িতে গুলির আতঙ্ক কাটিয়ে আবারও মঞ্চে টাইগার

‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর মঞ্চে টাইগার শ্রফ
গত ১৮ অক্টোবরের সেই ভয়াবহ স্মৃতি এখনো টাটকা। ফুটবল খেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বন্দুকধারীদের গুলির মুখে পড়েছিলেন বলিউডের অ্যাকশন তারকা টাইগার শ্রফ। সেই আতঙ্ক ও ধাক্কা কাটিয়ে অবশেষে প্রথমবারের মতো জনসমক্ষে এলেন তিনি।
মুম্বাইয়ের ঐতিহাসিক গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজের রাজকীয় প্রত্যাবর্তনের জানান দিলেন এই অভিনেতা।
দিব্যজ ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই জমকালো আসরে ‘দেবা শ্রী গণেশা’ গানের তালে নেচে পুরো মঞ্চ মাতিয়ে তোলেন টাইগার শ্রফ।
টাইগারের পাশাপাশি এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার এবং বিক্রান্ত ম্যাসির মতো তারকারা।
গত ১৮ অক্টোবর ফুটবল মাঠ থেকে গাড়িতে করে ফেরার সময় দুর্বৃত্তরা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সে যাত্রায় বড় কোনো বিপদ না ঘটলেও, গাড়ির ভাঙা কাঁচ এবং বারুদের ছিটে সামান্য আহত হয়েছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনের এই ঝড় সামলে আবারও পুরোদমে কাজে ফিরেছেন টাইগার। ‘বাঘি ৪’-এর পর এবার খ্যাতনামা কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডি'সুজার নতুন একটি সিনেমায় দেখা যাবে তাকে, যেখানে তার সঙ্গে থাকছেন এলভিশ যাদব ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।




