টাইগার শ্রফকে মারতে ৫০ হাজার রুপি অগ্রিম নেন অভিযুক্তরা

সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। হামলার আগে অভিযুক্তরা ৫০ হাজার রুপি অগ্রিম পেয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এ ছাড়া হামলার আগে প্রায় ১০ দিন ধরে অভিনেতার বাড়ি ও জিমের ওপর নজর রেখেছিলেন তারা বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আজ সোমবার ভারতের রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। মুম্বাই পুলিশের সঙ্গে রাজস্থান পুলিশ ও রেল পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্তরা ট্রেনে করে দিল্লির দিকে যাচ্ছিলেন। পরে তাঁদের নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বাড়ি ফেরার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় অভিনেতা গুরুতর আহত না হলেও তাঁর গাড়িচালকসহ দুজন আহত হন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলার আগে অভিযুক্তরা প্রায় ১০ দিন ধরে অভিনেতার চলাফেরা ও সময়সূচি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তার বাড়ি ও জিমের আশপাশেও নজরদারি চালানো হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও থেকেও অভিনেতার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার দাবি সামনে এসেছে। হামলার পর সামাজিক মাধ্যমে একটি পোস্টে গ্যাংটির পক্ষ থেকে দায় স্বীকারের দাবি করা হলেও এর সত্যতা এখনো নিশ্চিত নয়। পুলিশ হামলার পরিকল্পনা, অর্থের উৎস এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখছে।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র-ডিএনএ ইন্ডিয়া





