টাইগারকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩, মুম্বাই থেকে পালিয়েছিলেন ট্রেন

সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে চাঞ্চল্যকর গুলি চালানোর ঘটনায় ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড় সাফল্য পেল পুলিশ। রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে চলন্ত ট্রেন থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত তিন শুটারকে গ্রেপ্তার করা হয়েছে।
মুম্বাই পুলিশের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে রাজস্থান অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স এবং কোটা সিটি পুলিশের একটি যৌথ দল পুনে-জয়পুর এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে হরিয়ানার সোনিপতের ১৭ বছরের এক অপ্রাপ্তবয়স্ক কিশোর, ১৮ বছরের রেহান এবং বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী ঋত্বিক কুমার ওরফে রোশন যিনি মুম্বাইয়ে রেপিডো রাইডার হিসেবে কাজ করত।
তদন্তে জানা গেছে, রবিবার জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে তারা আন্ধেরির দিকে পালিয়ে যায়। সেখানে মোটরসাইকেল ফেলে রেখে লোকাল ট্রেনে তারা বোরিভলি পৌঁছায় এবং পুলিশকে বিভ্রান্ত করতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে গুজরাটের দিকে পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু শেষরক্ষা হয়নি, পুলিশের জালে ধরা পড়তে হয়েছে তাদের।
এই গ্রেপ্তারের মাঝেই অপরাধীদের দমনে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রবিবার রাতে টাইগার শ্রফের বান্দ্রার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করার পর এক কঠোর হুঙ্কার দিয়ে শিন্ডে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নব্বইয়ের দশকে যেভাবে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড গ্যাংগুলোর শেকড় উপড়ে ফেলা হয়েছিল, ঠিক সেভাবেই এদের নির্মূল করা হবে। এবার হবে ইটের বদলে পাটকেল, গুলির বদলে গুলি।’
পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলিপাড়া, তবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের এই একের পর এক হুমকির ঘটনায় মুম্বাইজুড়ে এখনও কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে।




