সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

সালমান খান এবং সামান্থা রুথ প্রভু
বলিউড সুপারস্টার সালমান খান যখনই পর্দায় আসেন, তখনই নতুন কিছু নিয়ে আসেন। তবে এবার যা হতে যাচ্ছে, তা হয়তো ভক্তরা কল্পনাও করেননি। রাজ অ্যান্ড ডিকের আসন্ন সুপারহিরো সিনেমায় সালমানের নায়িকা হিসেবে শোনা যাচ্ছে সামান্থা রুথ প্রভুর নাম। অন্যদিকে, নয়নতারার সাথেও তার জুটি বাঁধার খবর এখন তুঙ্গে।
এই সিনেমার গল্পটি বেশ মজার। সালমান এখানে এমন এক সুপারহিরো, যে কি না সুপারহিরো গিরি ছেড়ে দিয়ে সাধারণ জীবন কাটাতে চায়। কিন্তু ভিলেনরা কি আর তাকে শান্তিতে থাকতে দেবে? অনিচ্ছা সত্ত্বেও তাকে আবার তার পোশাক পরে লড়াইয়ে নামতে হয়। কমেডি আর অ্যাকশনের মিশেলে এই হাই কনসেপ্ট সিনেমাটি সালমানের ক্যারিয়ারে বড় এক পরিবর্তন আনতে পারে।
ব্যক্তিগত জীবনে কিছুটা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন সালমান। সম্প্রতি তার বাবা, কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু কাজের প্রতি সালমানের নিষ্ঠা ছিল দেখার মতো। বাবার অসুস্থতার মাঝেও তিনি শুটিং বন্ধ করেননি। বরং বাবার কাছাকাছি থাকতে তিনি শুটিং লোকেশন পরিবর্তন করে স্টুডিওতে নিয়ে আসেন, যাতে শুটিংয়ের ফাঁকে ফাঁকে হাসপাতালে গিয়ে বাবার সেবা করতে পারেন।
বর্তমানে সালমান তার ওয়ার ড্রামা ব্যাটল অফ গালওয়ান নিয়ে ব্যস্ত। এই সিনেমাটিতে তাকে একজন সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। এরপরই তিনি দিল রাজুর সিনেমার জন্য নয়নতারার সঙ্গে এবং পরে সামান্থার সঙ্গে রাজ অ্যান্ড ডিকের সিনেমার কাজ শুরু করবেন।
২০২৬ সালে একের পর এক বড় প্রজেক্ট আর নতুন সব জুটি নিয়ে সালমান যেভাবে এগোচ্ছেন, তাতে বক্স অফিসে যে আবারও ভাইজান ঝড় উঠবে তা বলার অপেক্ষা রাখে না। সামান্থা এবং নয়নতারার মতো শক্তিশালী অভিনেত্রীদের সঙ্গে সালমানের রসায়ন দেখার জন্য এখন মুখিয়ে আছে সালমান ভক্তরা।
সূত্র : নিউজ ১৮

