রামায়ণে রাঘব জুয়াল, মেঘনাদ চরিত্রে বড় চমক!

সংগৃহীত ছবি
পরিচালক নিতেশ তিওয়ারির কালজয়ী প্রজেক্ট ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তবে এরই মাঝে এল এক বড় চমক। শোনা যাচ্ছে, এই মহাকাব্যিক সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্টিংয়ে বড়সড় রদবদল করা হয়েছে। রাবণ-পুত্র এবং লঙ্কার অপরাজেয় যোদ্ধা ‘মেঘনাদ’ হিসেবে এখন পর্দায় দাপিয়ে বেড়াবেন অভিনেতা ও ড্যান্সার রাঘব জুয়াল।
প্রাথমিকভাবে এই চরিত্রের জন্য অভিনেতা বিক্রান্ত ম্যাসির নাম চূড়ান্ত হয়েছিল। কিন্তু ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সময়সূচী নিয়ে সমস্যার কারণে শেষ পর্যন্ত বিক্রান্ত প্রজেক্টটি থেকে সরে দাঁড়িয়েছেন। এরপরই নির্মাতারা রাঘব জুয়ালের সঙ্গে যোগাযোগ করেন এবং চিত্রনাট্য শোনার পর তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। সম্প্রতি 'কিল' এবং আরিয়ান খানের 'দ্য ব্যাডস অফ বলিউড' এ দুর্দান্ত অভিনয়ের পর এটি রাঘবের ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় হতে যাচ্ছে।
রাঘব জুয়াল অভিনীত ‘মেঘনাদ’ চরিত্রটির বড় ভূমিকা দেখা যাবে সিনেমার দ্বিতীয় কিস্তিতে। বর্তমানে একটি ইনজুরি থেকে সেরে উঠছেন রাঘব। সুস্থ হয়েই তিনি শ্যুটিং সেটে যোগ দেবেন।
প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেটে তৈরি এই সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন এ আর রহমান এবং হলিউডের কিংবদন্তি হ্যান্স জিমার। আগামী ২৭ মার্চ রাম নবমীর দিন মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার প্রথম ঝলক বা লুক উন্মোচন করার কথা রয়েছে।
বলিউডের ইতিহাসের সবচেয়ে দামী এই সিনেমাটি দেখার জন্য এখন সারা বিশ্বের দর্শক অপেক্ষায়। মেঘনাদ হিসেবে রাঘবের লুক কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়।

