মাশরুম চাষের প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী

মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালা। ছবি : আগামীর সময়
মাশরুমের পুষ্টিগুণ, চাষপদ্ধতি ও উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৩৪ শিক্ষার্থী। প্রশিক্ষণে মাশরুমের বিভিন্ন প্রজাতি শনাক্ত করা, চাষ ও সংগ্রহের কৌশল শেখানো হয়।
গতকাল শনিবার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে ‘মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও লেভেলের ৩৪ শিক্ষার্থী অংশ নেন। আয়োজনটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন শেকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুক।
সকাল ১০টায় মাশরুম কালচার হাউজে ব্যবহারিক প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। গবেষণা কর্মকর্তা রায়হান ফেরদৌসের পরিচালনায় এ পর্বে শিক্ষার্থীদের মাশরুমের বিভিন্ন প্রজাতি শনাক্ত করা, চাষপদ্ধতি ও সংগ্রহের কৌশল হাতে-কলমে শেখানো হয়।
পরবর্তী সেশনে মাশরুমের পুষ্টিগুণ, জাতীয় চাহিদা, উৎপাদন পদ্ধতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ আখতার জাহান কাকন।
তিনি উল্লেখ করেন, দেশে মাশরুমের বার্ষিক চাহিদার তুলনায় উৎপাদন অত্যন্ত কম। তবে খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে মাশরুমের পুষ্টি ও ঔষধিগুণ নিয়েও আগ্রহ বাড়ছে।
তার আশা, ভবিষ্যতে দেশে মাশরুম চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
কর্মশালায় প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক শিক্ষার্থীদের মাশরুমের উপকারিতা দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
তিনি বলেছেন, দেশের মানুষের খাদ্যাভ্যাসে হার্বজাতীয় খাবারের পর্যাপ্ত উপস্থিতি না থাকায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ ছাড়া কৃষিপণ্যের সার্টিফিকেশন ব্যবস্থায় অনিশ্চয়তা ও সীমাবদ্ধতার কারণে অধিকাংশ কৃষিপণ্য রপ্তানিমুখী করা সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুক বলেছেন, দেশের কৃষিপণ্য উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রক্রিয়াজাতকরণ, সার্টিফিকেশন ও ট্রেসেবিলিটির ঘাটতিতে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে খাদ্যনিরাপত্তার পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবারের জোগান নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এ ক্ষেত্রে মাশরুম আদর্শ খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ আখতার জাহান কাকন। এ সময় প্রকল্পের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।



