পাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩৮ শিক্ষার্থী

ছবি: আগামীর সময়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের সম্মাননায় দেওয়া হয়েছে ডিনস অ্যাওয়ার্ড। এ সম্মাননা পেয়েছেন বিভিন্ন অনুষদে সর্বোচ্চ ফল অর্জনকারী ৩৮ শিক্ষার্থী।
আজ বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী যেসব শিক্ষার্থী সিজিপিএ ৩ দশমিক ৮০ বা তার বেশি, ডিনস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন তারাই।
অনুষদভিত্তিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন প্রকৌশল অনুষদের ৯ জন, বিজ্ঞান অনুষদের ১৬, ব্যবসায় শিক্ষা অনুষদের ৬, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৬ এবং জীবন ও ভূবিজ্ঞান অনুষদের ১ শিক্ষার্থী।
রিসার্চ অ্যান্ড টেকনোলজি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
অনুষ্ঠানে উপাচার্য বলেছেন, বিশ্ববিদ্যালয়ে সীমিত সুযোগ-সুবিধা ও সম্পদের স্বল্পতার মধ্যেও শিক্ষার্থীরা যে অসাধারণ ফল অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। যারা ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন, তাদের ওপর ভবিষ্যতে আরও ভালো করার দায়বদ্ধতাও বেড়ে গেল। আগামী দিনে নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
আয়োজনে আরও ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, জীবন ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা ড. মো. রাশেদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।




