চট্টগ্রামের গুণীজনদের সংবর্ধনা দিল চট্টগ্রাম সমিতি-ঢাকা, বৃত্তি পেলেন ৩৩ শিক্ষার্থী

মরহুম আইয়ুব বাচ্চুর পক্ষে সম্মাননা গ্রহণ করছেন তাঁর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহত্তর চট্টগ্রামের গুণীজনদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবনের মিলনায়তনে এ সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি।
চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সমিতির সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী। এ ছাড়া সংবর্ধনাপ্রাপ্ত অতিথিদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের স্মারক দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন ২০২৫ ও ২০২৬ সালে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও প্রয়াত নভেরা আহমেদ।
এ ছাড়া ২০২৫ ও ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত আইয়ুব বাচ্চু, প্রয়াত ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও প্রয়াত মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুলিমুল্লাহ খানকে সংবর্ধনা দেওয়া হয়। প্রয়াত গুণীজনদের পক্ষে তাঁদের প্রতিনিধিরা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।



